বর্ধমান: আশংকা ছিলই। এবার তা ফলপ্রসু হওয়া শুরু হল। লকডাউনের রাশ আলগা হতেই শুরু হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে সিংহভাগই পরিযায়ী শ্রমিক ও তাঁদের সংস্পর্শে আসার কারণেই ঘটেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫। বুধবার নতুন করে আরও ৮ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন জেলাশাসক বিজয় ভারতী। জেলাশাসক জানিয়েছেন, এই আক্রান্তদের মধ্যে ভাতারের কালিপাহাড়ীতে ১ জন, রায়নার আলমপুরে ১ জন, মেমারীর বিজরায় ২ জন, বর্ধমান শহরের পুর এলাকা উদয়পল্লীর বেলপুকুরে ১ জন এবং কালনা ২নং ব্লকের ৩ জন আক্রান্ত হয়েছেন।
এঁদের প্রত্যেককেই দুর্গাপরের শনকা কোডিভ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাঁদের পরিবার ও তাঁদের সংস্পর্শে আসা মানুষজনকে কোয়ারেণ্টাইন সেণ্টারে পাঠানো হচ্ছে। পাশাপাশি ওই সমস্ত এলাকাকে কন্টেনমেণ্ট জোন করা হচ্ছে।
অন্যদিকে, রাজ্য সরকারের ২৭ তারিখের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে ২৬ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। এর মধ্যে ৪০ জন সক্রিয় আক্রান্ত। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। এদিকে, পরিযায়ী শ্রমিকরা জেলায় ঢুকতেই যে হারে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুততর ভাবে বেড়ে চলেছে তার জেরে রীতিমত গোটা জেলা জুড়েই তীব্র আতংক সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৫ জনই কলকাতার বাসিন্দা৷ বাকি একজন উত্তর ২৪ পরগণার৷ বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ৷
রাজ্যে মৃত বেড়ে দাঁড়াল ২৮৯৷ এর মধ্যে করোনায় মৃত ২১৭ জনের৷ কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯২। তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,৩২৫ জন৷ সুস্থ হয়ে উঠে ছাড়া পেয়েছেন ৯২ জন।মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫৭৮ জন। যা শতাংশের হিসেবে ৩৭.৬৪ শতাংশ৷
বুধবারের বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৯,২৩৬ টি নমুনা পরীক্ষা হয়েছে৷ সেখানে ১৮৩ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল৷ এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে এক লক্ষ ৬৬ হাজার ৫১৩ জনের৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৪টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷
The post লকডাউনের রাশ আলগা হতেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AhCzxQ