স্টাফ রিপোর্টার, কলকাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বললেন, পঞ্চায়েতের কেলেঙ্কারি প্রকাশের পর এবার মহুয়া মৈত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য পেতে চাইছেন। তৃণমূলের অন্য নেতানেত্রীরাও ‘বন্দিদশা’য় আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল।
গড়িয়া শ্মশানকাণ্ড নিয়ে ধারাবাহিক মন্তব্যের জবাবে শুক্রবার কলকাতা পুলিশের একটি টুইটকে তুলে ধরে মহুয়া মৈত্র টুইটারে লেখেন, ‘রাজ্য সরকার যখন কোভিড পরিস্থিতি, আমফান এবং পরিযায়ীদের (শ্রমিক) সমস্যার মোকাবিলা করছে, রাজ্যপাল তখন পিছন থেকে বিজেপির দেওয়া তির ছুড়ছেন। পচা আপেল গাছ থেকে বেশি দূরে পড়ে না।’
শনিবার তার পাল্টা টুইট করেন রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘‘মহুয়া মৈত্র তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যে ধারালো তীরগুলি নির্দিষ্ট লক্ষ্যে ছুড়েছিলেন, সেগুলি ঘাতক ছিল। যা আমাদের পঞ্চায়েতের পুকুর চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে কাটমানির কথা আবার মনে করিয়েছে। যা সর্বত্র বিরাজমান।’’
শুধু তাই নয়, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়া পঞ্চায়েতের দুর্নীতি সম্পর্কে মহুয়ার মন্তব্যকেও হাতিয়ার করেন রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘‘পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে তিনি নিজে ( পড়ুন, মহুয়া মৈত্র) এখন বেকায়দায় পড়েছেন। আপাদমস্তক চুরি, দুর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সকলের নজরে এনে এবার এমবি (মমতা বন্দ্যোপাধ্যায়)-এর অনুগ্রহ পেতে চাইছেন। রাজ্যপালকে আক্রমণ কি সেজন্য? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা দেখে অবাক হই।’’
এর পাল্টা দিয়েছেন মহুয়াও। ফের ধনকড়ের উদ্দেশে তাঁর টুইট, ‘‘আঙ্কলজি, তিনটি বিষয়— এক, বিজেপি নেতা নির্বাচন করে, কার হাতে কতটা রক্তের দাগ আছে দেখে। তৃণমূল কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করে। দুই, আইনজীবী হিসেবে আপনার কেরিয়ার বিশেষ উজ্জ্বল নয়। যত দিন রাজ্যপাল রয়েছেন, রাজভবনের গরিমাটুকু অন্তত বজায় রাখার চেষ্টা করুন। তিন, পরবর্তী ভোটে আপনি রাজস্থান থেকে লড়তেই পারেন। নিজেকে তার জন্য ফিট রাখুন।’’
The post ‘দলনেত্রীর আনুগত্য পেতে চাইছেন মহুয়া মৈত্র’, ‘পচা আপেলের’ জবাব দিলেন ধনকড় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MSZi6A