শাসকদলের মদতে শুধুই জেল হেফাজত অভিযুক্ত তৃণমূল নেতার, অভিযোগ পক্ষের আইনজীবীর

স্টাফ রিপোর্টার , হাওড়া : বাগনান কান্ডে মূল অভিযুক্ত কুশ বেরা ও তার সঙ্গী শোভন মন্ডলকে গতকালই বাগনান থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ৪৪৮(মারপিট),৩৭৬(ধর্ষণ), ৫১১(ধর্ষণের চেষ্টা), ৩০২ (খুন) ও ৩৪(সংঘটিত অপরাধ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বাগনান থানার পুলিশ। ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ অভিযুক্তদের কেন নিজেদের হেফাজতে নিল না তা নিয়েই প্রশ্ন তুলেছেন নির্যাতিতার আইনজীবীরা।

অভিযোগকারীনির পক্ষের আইনজীবী তাপস দেঁড়ের অভিযোগ,”অভিযুক্তরা শাসকদলের মদতপুষ্ট হওয়ায় পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিল না।”তাঁর আরও অভিযোগ, ‘শাসকদলের মদত না থাকলে এই ধরনের কেসে পুলিশ আসামীদের অবশ্যই নিজেদের হেফাজতে নিত। এই সমস্ত কেসে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে নাতো আর কোন কেসে নেবে।’ তাপস দেঁড়ে আরও বলেন, ‘অভিযোগকারিণীর কাছে জেনেছি দু’জন অভিযুক্তই টিএমসির রাজনৈতিক মদতপুষ্ট।”যদিও এপিপি ইনচার্জ মসিউর রহমান জানান,”একদমই প্রাথমিক পর্যায়ে পুলিশ যথাযথভাবে তদন্ত করছে।’

কলেজছাত্রী মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে মৃত্যু হয় মায়ের। গোটা ঘটনায় অভিযুক্ত শাসক দলের এক স্থানীয় নেতা। এই অভিযোগকে ঘিরেই জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। শাসক দলের নেতার শাস্তি চেয়ে সেই বিক্ষোভে শামিল হল বিজেপি। অভিযুক্ত কুশ বেরাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার গভীর রাতে। বাগনানের গোপালপুরের বাসিন্দা ওই কলেজছাত্রী। প্রতিবেশীদের দাবি, ওই ছাত্রী রাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় পাঁচিল টপকে কার্নিস বেয়ে ছাদে উঠে আসে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী কুশ বেরা। তিনি নিজে ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা।

অভিযোগ, কুশ ছাদে উঠে পিছন থেকে ওই ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন ওই কলেজছাত্রী। সেই চিৎকার শুনে ছাদে উঠে আসেন ছাত্রীর মা। প্রতিবেশীদের একাংশের কথায়, অভিযুক্ত সেই সময় ছাত্রীর মাকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যান। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে পড়ে মাথায় আঘাত পান ছাত্রীর মা। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়েছে ওই মহিলার। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানায় জমায়েত হয়ে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।

The post শাসকদলের মদতে শুধুই জেল হেফাজত অভিযুক্ত তৃণমূল নেতার, অভিযোগ পক্ষের আইনজীবীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YyL9SD
Post a Comment (0)
Previous Post Next Post