নয়াদিল্লি: পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারত। নেপালের সঙ্গে কোনও রকম বিবাদে জড়াতে রাজি নয় নয়াদিল্লি। কাঠমান্ডুও বাড়িয়ে দিয়েছে সুসম্পর্কের হাত। যদিও সীমান্ত নিয়ে টানাপোড়েনের এখনও অবসান হয়নি। এরই ফাঁকে নয়া তথ্য প্রকাশ করল নেপালে ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে নেপালের পশুপতিনাথ মন্দির ও লাগোয়া এলাকায় নিকাশি পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে ভারত। এই বিষয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে। সোমবার এই মউ স্বাক্ষরিত হয় ভারতীয় দূতাবাস, মিনিস্ট্রি অফ ফেডারাল অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ও কাঠমান্ডু মেট্রোপলিটান সিটির মধ্যে।
নেপাল ভারত মৈত্রী উন্নয়ন উদ্যোগের আওতায় এই কাজ করা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ৩৭.২৩ মিলিয়ন নেপালি অর্থ খরচ করবে ভারত। পশুপতি মন্দিরে আগত দর্শনার্থীদের সুবিধার জন্যই এই অর্থ খরচ করবে নয়াদিল্লি। ২০১৯ সালের অক্টোবর মাসে ভারতীয় দূতাবাসকে এই প্রকল্প ফের শুরু করার আবেদন জানায় পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্ট। এই প্রস্তাব গ্রহণ করে ভারতীয় দূতাবাস।
উল্লেখ্য ২০১৪ সালের অগাষ্ট মাসে প্রথম পশুপতি মন্দিরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন সাধনে প্রকল্প গ্রহণ করা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, সেই সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। দু’দেশের মধ্যে কোন বিষয়ে দ্বন্দ্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া হবে বলে জানান রাজনাথ।
সম্প্রতি উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের তিনটি এলাকা নিজেদের মানচিত্রে এনে দেশের নয়া মানচিত্র তৈরি করে ফেলেছে নেপাল। এমনকী মানচিত্র বদল সম্পর্কিত সংবিধান সংশোধনী বিলও পাশ হয়েছে নেপালের সংসদে। যা নিয়ে ক্ষুব্ধ দিল্লি। তবে এখনই যুদ্ধংদেহী মনোভাব দেখাতে রাজি নয় কেন্দ্র।
বরং সাবধানে পা ফেলতে তৎপর মোদী সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথাতেও তারই ইঙ্গিত। নেপালের সঙ্গে ভারতের রোটি-বেটির সম্পর্ক রয়েছে। বাইরের কোনও শক্তিই সম্পর্কের সেই ভিত নাড়িয়ে দিতে পারবে না। কোনও দ্বন্দ্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে’।
The post চিনকে টেক্কা দিয়ে আরও কাছাকাছি নেপাল-ভারত, মউ স্বাক্ষরিত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fyt2Cd