ভাড়া বৃদ্ধি নিয়ে আজ বাস মালিকদের বৈঠক

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাস ভাড়া বৃদ্ধি নিয়ে আজ, রবিবার মালিক সংগঠনগুলির বৈঠক রয়েছে। কসবার পরিবহণ দফতরের অফিসে সেই বৈঠক ডাকা হয়েছে।

বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি খতিয়ে দেখতে শনিবার তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। পরিবহণ দফতরের তিনজন অফিসারকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে। সোমবার থেকে রাস্তায় যাতে বেসরকারি বাসের অভাব না-হয়, তার সমাধানসূত্র খুঁজতে এদিন মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবেন দফতরের কর্তারাও।

৮ জুন থেকে আরও কিছু অফিস খুলে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তাতে রাস্তায় যাত্রীর সংখ্যা বাড়বে। কিন্তু প্রশ্ন উঠছে, গণপরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না-হলে মানুষ বেরোবেন কোন ভরসায়?

রাজ্যের পরিবহণ দফতর একদিকে যেমন সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে, তেমনি সোমবার থেকে আরও বেশি করে বেসরকারি বাস রাস্তায় নামাতে চাইছে তারা। কিন্তু সোমবার আদৌও কতগুলো বেসরকারি বাস রাস্তায় নামবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

কারণ বাসমালিকদের যুক্তি, লকডাউন পর্বে তাঁদের ব্যাঙ্কে ঋণের মাসিক কিস্তি দিতে হয়েছে। কর ছাড়ের ব্যাপারে সরকার আশ্বস্ত করেনি। উল্টে এত মাস বাস বন্ধ থাকায় ব্যাটারি-সহ অনেক যন্ত্রাংশ বিকল হয়েছে। বাস নামানোর আগে সেগুলি সারাই করতে খরচ হয়েছে। তার উপরে নিত্য লোকসানের বহন করা মুশকিল।

শনিবার বাস মালিক সংগঠনগুলির নেতারা ফের দাবি করেন, গত কয়েকদিন বাস চালিয়ে দেখা গিয়েছে, আয়-ব্যয়ের ভারসাম্য থাকছে না। বিভিন্ন রুট থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেগুলি নবগঠিত কমিটির কাছে জমা দেওয়া হবে।

বাস মালিকদের একাংশের আবার বক্তব্য, গত কয়েকদিন কিছু রুটে যাত্রী সংখ্যা কম ছিল। সোমবার থেকে যাত্রী বৃদ্ধি পেলে আয়ের চিত্রে কিছুটা বদল হতে পারে।

The post ভাড়া বৃদ্ধি নিয়ে আজ বাস মালিকদের বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eWjAYJ
Post a Comment (0)
Previous Post Next Post