আমফান পরিস্থিতি সামলাতে এখনও পর্যন্ত ৬ হাজার কোটি খরচ হয়েছে: জাভেদ খান

স্টাফ রিপোর্টার, কলকাতা: আমফানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিনই রাজ্যের বিপর্যয় দফতরের মন্ত্রী জাভেদ খান জানালেন আমফান পরিস্থিতি সামলাতে এখনও পর্যন্ত ৬ হাজার কোটি খরচ হয়েছে রাজ্য সরকারের।

এদিন কেন্দ্রের সমালোচনা করে রাজ্যের বিপর্যয় দফতরের মন্ত্রী বলেন, “বুলবুলে ক্ষয়ক্ষতির জন্য আমরা যে টাকাটা চেয়েছিলাম, কেন্দ্র সেটা দেয়নি। কিন্তু রাজ্য সরকার তার কাজ করেছে। এবারও আমরা আমাদের মত কাজ করছি। এখনও পর্যন্ত ৬ হাজার কোটি খরচ হয়েছে রাজ্য সরকারের। কেন্দ্র কত টাকা দেবে জানি না।” কেন্দ্রীয় দলের আরও আগে আসা উচিত ছিল বলে মন্তব্য করেছেন মন্ত্রী।

এদিকে, নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় দলের সামনে প্রায় ৮০ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব তুলে ধরতে চলেছে নবান্ন। শনিবার ওই টিমের সঙ্গে মুখ্য সচিব রাজীব সিনহার বৈঠক হওয়ার কথা। এছাড়া আমফানের তাণ্ডবে রাজ্যে মোট ২১ লাখ বাড়ি ভেঙে পড়েছে বলে জানানো হবে কেন্দ্রীয় দলকে।

উল্লেখ্য, আমফান রাজ্যে আছড়ে পড়ার আগে থেকেই রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঝড়ের পরের দিনই ফোন করে ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে ২২ মে রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে উমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমফান কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করার পরে বসিরহাট কলেজে মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা অগ্রিম ঘোষণা করেন। সেই সঙ্গেই জানান, ক্ষতির পরিমাপ করতে রাজ্যে আসবে কেন্দ্রীয় দল। এর পরে পরবর্তী ক্ষেত্রে ক্ষতি মোকাবিলায় কেন্দ্র টাকা দেবে।

শুক্রবার ২টি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর পাঠানো কেন্দ্রীয় দল। দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা ও নামখানা পরিদর্শন করে একটি দল। অন্য দলটি যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে।

The post আমফান পরিস্থিতি সামলাতে এখনও পর্যন্ত ৬ হাজার কোটি খরচ হয়েছে: জাভেদ খান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y9RXok
Post a Comment (0)
Previous Post Next Post