অপহৃত কর্মী সমেত পাঁচ ভারতীয় দূতাবাস আধিকারিককে ফেরত পাঠাল পাকিস্তান

নয়াদিল্লি : পাকিস্তানের ভারতীয় দূতাবাসের পাঁচ কর্মী ফিরে আসলেন ভারতে। সোমবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন তাঁরা। উল্লেখ্য এই পাঁচ জন দূতাবাস আধিকারিকের মধ্যে দুজনকে অপহরণ করা হয়েছিল। জোর করে ১০ ঘন্টা অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।

সোমবার অমৃতসরে প্রবেশ করেন তাঁরা। বিদেশমন্ত্রক জানিয়েছিল ১৫ই জুন এই অপহরণ করে আইএসআই বা পাক গুপ্তচর সংস্থা। উল্লেখ্য, দিল্লিতে দু’জন পাকিস্তান হাই কমিশনের আধিকারিককে বহিষ্কৃত করার দু’দিনের মধ্যেই এমন ঘটনা ঘটে। ঐ দুই ব্যাক্তি রাজধানীতে হাই কমিশনের ভিসা সেকশনে কাজ করতেন।

শুধু তাই নয়, ভারতের তরফে দুই ব্যক্তির গাড়ির চালকদেরও বহিষ্কার করা হয়। জানা গিয়েছিল ওই দুই পাক কর্মী আবিদ হুসেন ও মহম্মদ তাহির স্পাই রিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, সোমবার পাকিস্তানে ভারতের হাই কমিশনের সঙ্গে যুক্ত দুই ভারতীয় আধিকারিক নিখোঁজ হয়ে যান। প্রাথমিকভাবে জানা যায়, দু’জন ভারতীয় হাই কমিশনের কর্মী CISF চালক এবং তাঁরা সেই মুহূর্তে ‘অন-ডিউটি’ ছিলেন এবং তাঁরা তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেননি।

দ্রুত এই বিষয়ে পাক সরকারকে জানায় ভারত। সব তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে অপহরণ করার প্রেক্ষিতে পাকিস্তান হাই কমিশনের দূতকে ডেকে পাঠায় নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সূত্রে খবর মেলে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত সইদ হায়দার শাহকে সমন করা হয়। কীভাবে এই ঘটনা ঘটল, তার জবাব তলব করে সমন পাঠানো হয় বলে জানায় বিদেশমন্ত্রক।

পরে পাক সংবাদমাধ্যম জানায়, তাঁরা নাকি বড়সড় পথ দুর্ঘটনা ঘটিয়েছিলেন। হিট অ্যান্ড রান কেসের অভিযোগ আনা হয়েছিল পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে। সেই প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় ওই দুই কর্মীকে। এমনই জানায় পাকিস্তানের বেশিরভাগ সংবাদমাধ্যম। তবে পরে জানা যায় ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, পথ চলতি এক ব্যক্তিকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালাতে চেষ্টা করে ওই দুই আধিকারিক। তাদের গ্রেফতার করে পাক পুলিশ। তবে সূত্রের খবর পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই আধিকারিককে ছেড়ে দেওয়ার আগে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সূত্র জানায় ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওই দুই আধিকারিককে জোর করে বয়ান দিতে বাধ্য করা হয়। দুই ভারতীয় আধিকারিক যে গাড়ি দুর্ঘটনায় যুক্ত, সেই বয়ান দিতে বাধ্য হন তাঁরা।

ভারতীয় দূতাবাসের গাড়ির চালক হিসেবে কাজ করা ওই দুই কর্মীকে ১৫ থেকে ১৬ জন সশস্ত্র কর্মী সকাল সাড়ে আটটা নাগাদ ধরে নিয়ে যায়। তবে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়, তা জানা যায়নি। এই সশস্ত্র কর্মীরা ৫-৬টি গাড়ি করে এসেছিল বলে খবর।

The post অপহৃত কর্মী সমেত পাঁচ ভারতীয় দূতাবাস আধিকারিককে ফেরত পাঠাল পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hRUv3s
Post a Comment (0)
Previous Post Next Post