করোনা রোগীর মৃত্যুতে আতঙ্ক, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কাজ বন্ধ অস্থায়ী কর্মীদের

স্টাফ রিপোর্টার, বহরমপুর: করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যুতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

যার জেরে কাজ বন্ধ করে দিলেন হাসপাতালের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীরা।বৃহস্পতিবার সকাল থেকে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে প্রায় ২০০ কর্মীর কাজ বয়কট এবং বিক্ষোভের ফলে হাসপাতালের রোগী পরিষেবায় ব্যাঘাত ঘটেছে।

দুদিন আগে ডোমকল মহকুমার এক করোনা আক্রান্ত বাসিন্দা ভরতি হন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁকে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসার পর বহরমপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাতে করোনা আক্রান্ত ওই রোগীর মৃত্যু হয়েছে সেখানে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের গ্রুপ ডি পদে অস্থায়ী কর্মীরা।

তাদের বক্তব্য, যে চারজন স্টাফ পরিষেবা দিয়েছিলেন ওই রোগীকে, তাদের কোয়ারান্টিনে পাঠানো হয়নি। লালারস পরীক্ষা করেই ছেড়ে দেওয়া হয়েছে। সোয়াব টেস্টের রিপোর্টও মেলেনি এখনও। ফলে তাঁরাও করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা জানা যায়নি। তাঁদের থেকে অন্যদের শরীরেও সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কা তাদের। করোনা রোগীদের পরিষেবা দেওয়া স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ ওই কর্মীদের একাংশের। আর এর প্রতিবাদেই তাঁরা কাজ বয়কট করছেন বলে জানা গিয়েছে। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

The post করোনা রোগীর মৃত্যুতে আতঙ্ক, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কাজ বন্ধ অস্থায়ী কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i2NYmB
Post a Comment (0)
Previous Post Next Post