প্রতীতি ঘোষ,বারাকপুর: সবেমাত্র ১৬ দিন হল আমপান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গোটা বাংলা। ক্ষতের চিহ্ন এখনও দগদগে। মহাপ্রলয়ের তান্ডবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হাজার হাজার ঘর-বাড়ি,গাছপালা প্রভৃতি। প্রকৃতির এমন তান্ডব লীলার এতদিন পরেও কার্যত অসহায় মানুষ।
আর এমন পরিস্থিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন ও প্রশাসনিক স্তরে নির্দেশ দিয়েছেন, বিশ্ব পরিবেশ দিবসকে রাজ্যে সবুজের দিন হিসেবে পালন করতে হবে। যে যেখানেই থাকুক, পরিবেশকে চির সবুজ রাখতে সকলে যেন বৃক্ষ রোপন করেন ।
গত ২১ মে রাজ্যে আমপান সুপার সাইক্লোন আছরে পড়ে ছিলো। প্রভূত ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় । কয়েক হাজার গাছ পড়ে গেছে। যার ফলে পরিবেশের ক্ষতি হয়েছে সব থেকে বেশি।
এই পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে সকলের উচিত এগিয়ে এসে গাছ লাগানো। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার পুলিশ কর্মীদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে নোয়াপাড়া থানা এলাকায় কমপক্ষে ২ হাজার গাছ লাগানো হয়। নোয়াপাড়া থানার এই উদ্যোগে শামিল হয়ে ছিলেন উত্তর বারাকপুর পুরসভার পুর প্রশাসক মলয় ঘোষ এবং গারুলিয়ার পুর প্রশাসক সঞ্জয় সিং। নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরা ও অন্যান্য সকলে মিলে এদিন যৌথ ভাবে গোটা নোয়াপাড়া থানা এলাকায় বৃক্ষ রোপন করেন।
নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সারথি মজুমদার বলেন, “রাজ্য সরকারের নির্দেশ মেনে আমরা গোটা থানা এলাকায় বৃক্ষ রোপন করছি। আগামীদিনে ও সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ কর্মীরা কাজ করে যাবে। যেভাবে সবুজের ক্ষতি হয়েছে আমপান ঝড়ে, সে দিকে নজর দিয়েই আমরা আজ বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করছি। আমাদের সঙ্গে সহযোগিতা করছে এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনগুলি ।”
এদিকে পুলিশের এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে উত্তর বারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, “প্রকৃতি সর্ব শক্তিমান, প্রকৃতি যেমন ধ্বংস করে তেমন সৃষ্টিও করে। তাই আমপান পরবর্তী পরিস্থিতিতে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আজকের দিনটাকে সবুজের দিন হিসেবে পালন করছি। আজ নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে অন্তত এই এলাকায় ২ হাজার গাছ লাগানো হয়েছে।”
বিশ্ব পরিবেশ দিবসে নোয়াপাড়াবাসীর কাছে পুলিশ কর্মীরা আবেদন করেছেন সকলেই যাতে অন্তত একটি করে গাছ এদিন নিজ নিজ এলাকায় লাগান। গঙ্গা তীরবর্তী নোয়াপাড়া থানা এলাকায় আমপানে প্রভূত ক্ষতি হয়েছে। তার থেকে বেরিয়ে এসে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুলিশ কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
The post আমপানে বিধ্বস্ত বাংলা, ক্ষতে প্রলেপ দিতে বিশ্ব পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MvJvKM