কলকাতা: হেমতাবাদের বিজেপি বিধায়ক মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ময়নাতদন্তে কোন ভুল নেই৷ পুলিশ যে তদন্ত করছে তা সঠিক তদন্ত করছে৷ পুলিশি তদন্তে কোথাও কোনো গাফিলতি নেই৷ এমনই মন্তব্য বিচারপতি শিবকান্ত প্রসাদের৷
ফলে উত্তর দিনাজপুর হেমতাবাদ এর বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রীর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ সোমবার শুনানির পর বিচারপতি শিবকান্ত প্রসাদ সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছেন।
তবে পরিবারের তরফে আইনজীবী ব্রজেশ ঝাঁ জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চের এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করবেন।
মৃত বিধায়কের ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে গলায় ফাঁস লেগে শ্বাসরোধেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু দেবেন রায়ের পরিবার আত্মহত্যা বলে মানতে নারাজ। গভীর রাতে তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
একই অভিযোগ বিজেপিরও। সম্প্রতি রাষ্ট্রপতির কাছে সেই অভিযোগ জানালেন কৈলাশ বিজয়বর্গীয়, সাংসদ বাবুল সুপ্রিয় ও সাংসদ রাজু সিং বিস্তা। রাষ্ট্রপতির কাছে তাঁদের অনুরোধ, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। এনিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট চাইতে হবে এবং বিধানসভা ভেঙে দিতে হবে। এব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে আইনি পরামর্শও করছিল দল।
প্রসঙ্গত, কিছুদিন আগে রায়গঞ্জের বিন্দোল পঞ্চায়েতের বালিয়া গ্রামে তাঁর আদি বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রাস্তার ধারে বন্ধ চায়ের দোকানে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরিবারের দাবি, ঘটনার আগের দিন গভীর রাতে বেশ কয়েকজন যুবক তাঁকে ডেকে নিয়ে যান। তারপর এহেন কাণ্ড ঘটেছে। এছাড়াও ঝুলন্ত দেহ উদ্ধারের সময় বিধায়কের হাত বাঁধা ছিল। তাই এই ঘটনাকে খুন বলেই দাবি করতে থাকেন বিধায়কের স্ত্রী চন্দ্রিমা রায়।
যদিও পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের নিহতের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে দু’জনের নামও লেখা ছিল। ঘটনার তদন্তভার সিআইডি’র হাতে দেয় রাজ্য সরকার। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই ওই সুইসাইড নোটে নাম থাকা দু’জনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, সামনে আসে বিধায়কের ময়নাতদন্ত রিপোর্টও। তাতে আত্মহত্যার তত্ত্ব স্পষ্ট বলেই দাবি তদন্তকারীদের।
The post হেমতাবাদের বিজেপি বিধায়ক মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2CwNghI