‘রাজনৈতিক মদতেই পৌষমেলার মাঠে পাঁচিল ভাঙা হয়েছে’, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

স্টাফ রিপোর্টার, বোলপুর: পৌষমেলার মাঠে পাঁচিল ভাঙার ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রাজনৈতিক মদতেই এ কাণ্ড ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে ঘটেছে বলেই দাবি তাঁর।

উপাচার্য অভিযোগ করেন,“যারা রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের প্রতি ভালবাসার নাম করে পেশিশক্তির প্রয়োগে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের জন্য চলতি বছরের ১৭ আগস্ট একটি লালপত্র দিবস। দুর্বৃত্তেরা কেবল তাদের রাজনৈতিক কর্তাদের দ্বারা উৎসাহিত হয়ে নেতৃত্ব দিয়েছিল। পরবর্তী প্রজন্মের জন্য গুরুদেবের রেখে যাওয়া মহান ঐতিহ্যকে তারা ভূলুণ্ঠিত করেছে।’’

মেলার মাঠ কেন পাঁচিল দিয়ে ঘেরা হল, সেই প্রশ্ন বারবার উঠেছে। সে বিষয়ে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কবিগুরু জীবদ্দশাতেই চিনা ভবনের চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা হয়। এছাড়াও বিশ্বভারতী বহু ক্ষেত্রে পাঁচিল ও বেড়া নির্মাণ করেছে নিরাপত্তার স্বার্থে। পুরনো পৌষমেলার মাঠ, আশ্রম মাঠ, শ্রীনিকেতন মাঠ, বিনয় ভবন প্রভৃতি বিশ্বভারতীর বহু এলাকা আগে পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন কেউই তার প্রতিবাদ করেনি।”

যদিও উপাচার্যের দাবি মানতে নারাজ প্রাক্তনীদের একাংশ। তাঁদের দাবি, পাঁচিল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ আগেও হয়েছে। পাঁচিলের বিরুদ্ধে অতীতে মুখ খুলেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।

এদিকে, শনিবার রীতিমত বোমা ফাটিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তথা জনসংযোগ আধিকারিকের একটি প্রেস বিবৃতি প্রকাশ্যে আসে।বিশ্বভারতীর লেটার হেডে ছাপা বিবৃতিতে লেখা হয়েছে, বহিরাগতদের আনাগোনা বন্ধ করতেই পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার প্রয়োজন। শুধু তাই নয়, পৌষ মেলার মাঠে বিপজ্জনক কাজকর্ম চলে। সেখান থেকে পাওয়া গিয়েছে মদের বোতল এবং ব্যবহার করা কন্ডোম। মাঠের একটি অংশ যৌনক্রিয়ার মৃগয়া ক্ষেত্রেও পরিণত হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে যে, রাত আটটার সময় মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরও গভীর রাত পর্যন্ত নেশার ঠেক চলে।

প্রসঙ্গত, গত সোমবার শান্তিনিকেতনের মেলার মাঠে উপাচার্য নিজে দাঁড়িয়ে থেকে পাঁচিল তোলার কাজ করছিলেন। কিন্তু স্থানীয়দের একাংশ রীতিমত পে-লোডার নিয়ে গিয়ে তা ভেঙে দেয়। এই ঘটনা ঘিরে এবার নজিরবিহীন এক পরিস্থিতির মুখে পড়ে দেশের ঐতিহ্যমণ্ডিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। এই ঘটনায় স্থানীয় বিধায়কের নাম জড়িয়েছে। তাঁর উস্কানিতে পাঁচিল ভাঙা হয়েছে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করেছে। এমনকি প্রধানমন্ত্রীর দফতরেও নালিশ ঠুকেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেইসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

The post ‘রাজনৈতিক মদতেই পৌষমেলার মাঠে পাঁচিল ভাঙা হয়েছে’, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FRTMAX
Post a Comment (0)
Previous Post Next Post