স্টাফ রিপোর্টার , হাওড়া: তিন দিনের বৃষ্টিতে উত্তাল রূপনারায়ণ। তা দেখে আঁতকে উঠেছিলেন এলাকার আট থেকে আশি প্রায় সকলেই। ভরা কোটালের জেরে বাঁধ উপচে জলমগ্ন হয়েছিল রূপনারায়ণ লাগোয়া গ্রামীণ হাওড়ার শ্যামপুরের বেশ কিছু এলাকা।
আন্টিলাপাড়া,শিবগঞ্জ,গাদিয়াড়ায় নতুন করে জোয়ারের জল না ঢুকলেও এখনও জলমগ্ন বেশ কিছু এলাকা।কোথাও রাস্তার উপর গোড়ালি জল আবার কোথাও বা জলমগ্ন চাষের ক্ষেত। গতকাল থেকেই কার্যত রাতদিন এক করে শ্যামপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন।
শ্যামপুর নাগরিক ফোরামের সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান,”নদীতে ভাটা থাকায় গাদিয়াড়া সহ শ্যামপুরের বেশ কিছু এলাকায় জল নেমেছে।তবে এখনো কিছু জায়গায় জল রয়েছে।”তাঁর কথায়,”নদীর নাব্যতা কমে যাওয়া ও নদীতে বোল্ডার ফেলে বাঁধ দেওয়ার জেরেই এই বিপত্তি।”সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সামনেই রয়েছে কোটাল।আর সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে রূপনারায়ণ সংলগ্ন শ্যামপুরের বিভিন্ন গ্রামের মানুষের।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ অগস্ট বৃষ্টির গতি কিছুটা কমবে। বঙ্গোপসাগের ২৩ অথবা ২৪ তারিখের মধ্যে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২৪ থেকে ২৬ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে— কলকাতার ক্ষেত্রে এমনই সতর্কতা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার ফলে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পাশাপাশি হাওয়ার গতিবেগ ভালই থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই সময়ে। জেলার অবস্থাও অনেকটা একই রকম। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্নও হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এমনই জলছবি ফুটে উঠেছে সারাদিন।
The post সামনেই কোটাল, আশঙ্কায় প্রহর গুনছে শ্যামপুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YpDLbU