লকডাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ট্রাফিক সার্জেন্ট

কলকাতা: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক পূর্ণ লকডাউন৷ বিগত দিনের মতই বৃহস্পতিবারের লকডাউনেও পুলিশের নাকা চেকিং চলছিল৷ সেই সময় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ট্রাফিক সার্জেন্ট৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবারের লকডাউনে উল্টোডাঙা থানা এলাকার হাডকো এবং কাঁকুড়গাছির সংযোগস্থলে নাকা চেকিং চলছিল৷ সেই সময় বেপরোয়াভাবে একটি গাড়ি আসছিল৷ তখন কর্তব্যরত পুলিশ অফিসাররা ওই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে৷ কিন্তু গাড়িটি আরও গতি বাড়িয়ে ট্রাফিক সার্জেন্ট বিশ্বজিৎ সাহাকে ধাক্ক মেরে পালিয়ে যায়৷

গুরুতর জখম ট্রাফিক সার্জেন্টকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে,ওই ট্রাফিক সার্জেন্টের কাঁধ এবং শরীরের অন্যান্য অংশের হাড় ভেঙে গিয়েছে৷ পরে পালিয়ে যাওয়া গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ বেহালা থেকে গ্রেফতার করে দুই যুবককে৷ ধৃতদের নাম আকাশ হালদার ও তিতাস মিত্র৷ একজনের থাকে বেহালার ডায়মন্ড সিটি কমপ্লেক্সে, অন্যজন বাসুদেবপুরে বাসিন্দা৷

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৩, ৩০৭ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। এ ছাড়াও ১৮৮ আইপিসি এবং ২১বি বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু করেছে পুলিশ৷

অন্যদিকে লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউনে কলকাতা পুলিশ ৮৪৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷ এদের মধ্যে লকডাউন অমান্য করায় ৫৪১ জনকে গ্রেফতার করেছে৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ২৭০ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ৩৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷

এছাড়া ১৮ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷ বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত লকডাউন অমান্য করায় কলকাতা পুলিশ ১৯০ জনকে গ্রেফতার করেছিল৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ১৮৮ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল৷ এছাড়া ৭ টি গাড়ি বাজেয়াপ্ত করেছিল৷ বেলা বাড়তেই সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে৷ সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউনে কলকাতা পুলিশ ৮৪৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷

The post লকডাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ট্রাফিক সার্জেন্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ghNIOK
Post a Comment (0)
Previous Post Next Post