লকডাউনে চরম আর্থিক সংকটে সায়েন্স সিটি, কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার, কলকাতা: ২২ বছরের মধ্যে প্রথম চরম আর্থিক সংকটের মুখে সায়েন্স সিটি। আর্থিকভাবে স্বনির্ভর প্রতিষ্ঠানের আয় শূন্যে এসে ঠেকেছে। বাধ্য হয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে সাহায্যের জন্য আবেদন জানাল সায়েন্স সিটি কর্তৃপক্ষ।

১৯৯৮ সাল থেকে টানা ২২ বছর নিজেদের আর্থিক ভাবে স্বনির্ভর হিসেবে ধরে রাখতে পেরেছিলেন সায়েন্স সিটির কর্মীরা। টিকিট বিক্রি এবং হল ও মাঠ ভাড়া দিয়ে যা আয় হতো, তা থেকেই অধিকর্তা থেকে নিচু তলার কর্মী, সবার বেতন হতো। জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানের আয়, টিকিট বিক্রি থেকে বছরে গড়ে আয় ২২ কোটি টাকা ৷ তাছাড়া হল ও মাঠ ভাড়া দেওয়া হয় ৷

গত বছরের হিসেব অনুযায়ী, এখানে ১৫ লক্ষর বেশি দর্শক এসেছিলেন।মার্চ থেকে অগাস্ট গড়ে আয় ৮ কোটি টাকা ৷ ওই আয় থেকেই রক্ষণাবেক্ষণ ও অন্য যাবতীয় খরচও চলত। কিন্তু এবার করোনাভাইরাসের জেরে লকডাউনের ধাক্কায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে সাহায্যের হাত পাততে বাধ্য হল সায়েন্স সিটি।

করোনা সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশের অন্যান্য দর্শনীয় স্থানের সঙ্গে সায়েন্স সিটিও বন্ধ করে দেওয়া হয়। কাজেই এই সব জায়গায় টিকিট বিক্রি থেকে এক পয়সাও আয় হয়নি গত ছ’মাসে। তবে সায়েন্স সিটির শোচনীয় অবস্থা এতটাই যে, এ বার প্রশ্নের মুখে এখানকার কর্মীদের ভবিষ্যৎ। সায়েন্স সিটিতে ২৭৫ জনের মধ্যে ২০০ জন কর্মীই আউটসোর্সড। তাঁদের বেতন দিতে এখন হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া রক্ষণাবেক্ষণের খরচ তো আছেই।

ন্যাশনাল সায়েন্স মিউজিয়ম কাউন্সিলের অধিকর্তা অরিজিৎ দত্তচৌধুরী বলেছেন, “সায়েন্স সিটি নিজেদের খরচ নিজেরা চালাবে, এমনটা পরিকল্পনা করেই এটা তৈরি করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে ওদের জন্য কোনও তহবিল নেই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া চালানো সম্ভব নয়।”

The post লকডাউনে চরম আর্থিক সংকটে সায়েন্স সিটি, কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3264dby
Post a Comment (0)
Previous Post Next Post