“যদি CBI বলে সুশান্ত স্যুইসাইড করেছিল তাহলে কী হবে”, প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

নয়াদিল্লি: বুধবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-য়ের হাতে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে কেউ বিচারব্যবস্থার জয়ের উল্লাস করছেন কারোর গলায় রাজনৈতিক ইন্ধনের অভিযোগের সুর। এই ঘটনা প্রসঙ্গে এবার প্রশ্ন তুলেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

এদিন সকালে শীর্ষ আদালতের রায়দানের ঘণ্টাখানেক পরেই নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “যদি সিবিআই বলে সুশান্ত স্যুইসাইড করেছিল তাহলে কী হবে?”

এই ট্যুইটের কিছুঘণ্টা পরে আবারও একটা ট্যুইটে তিনি জানান, “আমার বোন নিউ ইয়র্কে থাকে। ও রাতে ঘুমোয়নি কারণ রাত ১টা ৩০শে রিপাবলিক টিভিতে রায়দান শুনবে। ও বিশ্বাস করে সুশান্তকে খুন করা হয়েছে। হাজার হাজার বাংলাদেশী সুশান্তের জন্য ন্যায় চায়। একজন অভিনেতার জন্য এত আবেগ আগে কখনও দেখিনি”।

সাম্প্রতিক সময়ে একাধিক বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে লেখিকাকে। বাদ পরেনি বাংলাদেশের কূটনীতিও। তবে অভিনয় জগত নিয়ে তাঁকে খুব একটা মন্তব্য করটে দেখা যায় না। কিছুদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, রাম মন্দির তৈরি হচ্ছে বলে আমি শোক করছি না, সুখও করছি না। ভারতের হিন্দুদের অধিকাংশই চাইছে রাম মন্দির তৈরি হোক, সুতরাং তৈরি হোক। সাহিত্যিক মনে করেন ধর্মান্ধ হওয়ার অধিকার রয়েছে হিন্দুদেরও।

প্রসঙ্গত, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। মুম্বই পুলিশ জানায় তিনি আত্মঘাতী হয়েছেন এবং বহু দিন ধরে অবসাদে ভুগছিলেন। ঘটনার প্রায় দেড় মাস পরে সুশান্তের বাবা কেকে সিং বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর করেন সুশান্তের বাবা। এর মধ্য রয়েছে আত্মহত্যার প্ররোচনা, প্ররোচনা, টাকার নয়ছয়-সহ আরও বেশ কয়েকটি অভিযোগ।

বিহার পুলিশের কাছে রেজিস্টার হওয়া এফআইআরটি তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। কিন্তু তার পরে অভিযুক্ত তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টের কাছে এই তদন্তটি বিহার পুলিশের থেকে মুম্বই পুলিশের কাছে স্থানান্তরের দাবিতে পিটিশন করেন। সেই পিটিশনের রায় আজ দিল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, সুশান্তের পরিবারের পাশাপাশি অঙ্কিতা লোখান্ডে, কৃতী স্যানন, বরুণ ধাওয়ান, মৌনী রায় সহ আরও অনেকে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। এছাড়া সুশান্তের মৃত্যুর পরে মুম্বই পুলিশ জানিয়ে দেয় তিনি আত্মঘাতী হয়েছেন। অবসাদে ভুগছিলেন। কিন্তু সুশান্তের অনুরাগীরা এই দাবি মানতে নারাজ হন। তাঁরা প্রথম থেকেই সুশান্তের সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে শীর্ষ আদালতের এই ঘোষণায় তাঁরাও খুশি।

The post “যদি CBI বলে সুশান্ত স্যুইসাইড করেছিল তাহলে কী হবে”, প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34tnuGT
Post a Comment (0)
Previous Post Next Post