টানাপোড়েনের মাঝেই ১৪ লক্ষ অ্যাডমিট কার্ড ডাউনলোড JEE-NEET পরীক্ষার্থীদের

নয়াদিল্লি : রাজনৈতিক তরজা চলছে। রীতিমতো টানাপোড়েনে JEE-NEET পরীক্ষার্থীরা। আদৌও কি পরীক্ষায় বসতে পারবেন তাঁরা, উত্তরটা বিশ বাঁও জলে। তবে নিজেদের প্রস্তুতি তাঁরা সেরে রেখেছেন। রিপোর্ট বলছে বুধবার রাত পর্যন্ত ১৪ লক্ষ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছে JEE-NEET পরীক্ষার।

ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল এন্ট্রান্সের পরীক্ষা হবে কীনা, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে দেশ জুড়ে। এক এক দলের এক এক মত। তবে বুধবার এনটিএ এই দুটি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আর একদিনেই ১৪ লক্ষেরও বেশি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছে বলে খবর।

JEE মেন পরীক্ষা সেপ্টেম্বর মাসের ১তারিখ থেকে ৬তারিখের মধ্যে হতে পারে। অন্যদিকে, NEET- UG হতে পারে ১৩ই সেপ্টেম্বর। JEE (Main) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫৮ লক্ষ। এর মধ্যে ৭.৪১ লক্ষ পরীক্ষার্থীই বুধবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। ৩৩২ জন পরীক্ষার্থী তাঁদের সেন্টার পরিবর্তনের আবেদন করেছেন। সম্ভবত করোনা আবহে সেই আবেদন গ্রাহ্য করা হবে।

NEET (UG)তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫.৯৭ লক্ষ। এর মধ্যে ৬.৮৪ লক্ষ পরীক্ষার্থী প্রথম পাঁচ ঘন্টায় নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। বুধবার ১১.৫৫ মিনিট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু করেন তাঁরা। ৯৯ শতাংশ পরীক্ষার্থীর বাছাই করা প্রথম শহরেই তাঁদের পরীক্ষার সেন্টার ফেলা হবে। সামাজিক দূরত্ব মেনেই পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিটি ঘরে ২৪ জন পরীক্ষার্থীর জায়গায় ১২ জন পরীক্ষার্থী বসবে বলে জানানো হয়েছে। কী কী করণীয় ও কী করা উচিত নয়, তা সম্পর্কে তথ্য দিয়ে একটি গাইডলাইনও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকরা অপেক্ষা করবেন, সেখানে সামাজিক দূরত্বের পর্যাপ্ত ব্যবস্থা রাখা থাকবে।

রাজ্য সরকারগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছে এনটিএ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থা রাজ্য সরকারগুলিকে করার অনুরোধ করা হয়েছে। জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এবছর JEE (Main) পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৬০। অন্যদিকে, NEET (UG)-র জন্য ২৫৪৬ থেকে ৩৮৪৩ করা হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। JEE (Main) দিতে হয় কম্পিউটারে। NEET (UG) কাগজ ভিত্তিক পরীক্ষা।

The post টানাপোড়েনের মাঝেই ১৪ লক্ষ অ্যাডমিট কার্ড ডাউনলোড JEE-NEET পরীক্ষার্থীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34GcJkg
Post a Comment (0)
Previous Post Next Post