গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার নেই বহিষ্কৃত সাংসদদের : রবিশংকর প্রসাদ

নয়াদিল্লি : যাঁরা সংসদের সম্মান রক্ষা করতে জানেন না, তাঁদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। যেভাবে বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, তা রীতিমতো লজ্জার। এই ভাষাতেই বিরোধীদের দুষলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। কৃষি বিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত সংসদ।

সেই আঁচ এসে পৌঁছেছে বাইরেও। এদিন রাজ্য সভা উত্তাল হওয়ার পরে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও পীযূষ গোয়েল। এছাড়াও এদিন মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে একাধিক বার্তা দেন আইন মন্ত্রী।

তিনি বলেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে। যদি গণতন্ত্র রক্ষা নিয়ে এতটাই সতর্ক থাকা হয়, তবে কেউ সংসদ ভবনের অপমান করেন না বলে মন্তব্য করেছেন রবিশংকর।

এদিন আট সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে সংসদের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিরোধী একাধিক দলের সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, আপ, বাম-সহ বিভিন্ন দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। আট সাংসদকে বরখাস্ত করে স্বৈরাচরী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ বিরোধীদের।

উল্লেখ্য, বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই রবিবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে কৃষি বিল। কৃষি বিল নিয়ে তুমুল আপত্তি ছিল বিরোধীদের। রবিবার অধিবেশন কক্ষে বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সাংসদরা।

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রুল বুক ছিঁড়েছেন ও ডেপুটি চেয়াম্যানের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ। ‘শাস্তি’ হিসেবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন-সহ মোট ৮ বিরোধী সাংসদকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিলে রাষ্ট্রপতির সই হয়ে গেলে সেটি আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। কেন্দ্র সরকার স্বেচ্ছাচারীতা করছে। এই ধরণের বিল এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র। এই ধরণের দুর্ভাগ্যজনক বিল দেশের সংসদে পাশ হওয়াটা বিপদের ইঙ্গিত দেয়। কোনও আলোচনা বা কোনও প্রশ্ন ছাড়াই এই বিল পাশ হয়ে গেল, যা দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বলেই উল্লেখ করেছেন বিরোধীরা।

The post গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার নেই বহিষ্কৃত সাংসদদের : রবিশংকর প্রসাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cheGFO
Post a Comment (0)
Previous Post Next Post