দুবাই: পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের ২২৪ রান তাড়া করে জয়ের ঠিক পরদিনই ফের একবার দু’শোরও বেশি রান তাড়া করে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি টাই হওয়ায় রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটল সুপার ওভারে। টুর্নামেন্টের প্রথম দশ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই দু’টি সুপার ওভার দেখে নিল ২০২০ আইপিএল। সবমিলিয়ে বলতেই হচ্ছে কোভিড আবহে সুদূর আমিরশাহীতে আসর বসলেও আইপিএল আছে আইপিএলেই।
সোমবার সুপার ওভারে দলের ম্যাচ জয়কে প্রশংসায় ভরিয়ে দিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর ভাষা হারালেন তিনি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বিরাট জানালেন, ‘আমার কাছে বলার কোনও ভাষা নেই। এটা একটা রোলার-কোস্টার ম্যাচ ছিল। ব্যাট হাতে আমরা দারুণভাবে ২০০ রান পেরনোর পর বল হাতেও শুরুটা ভালোই ছিল। গতবারের চেয়ে একেবারে ভিন্ন ফলাফল তাই না?’
আরসিবির এদিনের জয় ব্যাট হাতে তৈরি করে দিয়েছিলেন নিঃসন্দেহে এবি ডি’ভিলিয়ার্স। তাঁর ২৪ বলে ৫৫ রানের ইনিংসের পাশাপাশি আরও একবার ব্যাট হাতে উজ্জ্বল ওপেনার দেবদূত পারিক্কল। ৫৪ রান এল তাঁর ব্যাট থেকে। আরেক ওপেনার ফিঞ্চও অর্ধশতরান করলেন। সাংবাদিক সম্মেলনে প্রোটিয়া ব্যাটসম্যানকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট। জানালেন, ‘আমার মনে হয় সেও দীর্ঘ বিরতির পরেই খেলতে এসেছে। ও এমন কিছু শট খেলল যা এককথায় অসাধারণ। উইকেটকিপিং গ্লাভস হাতেও দারুণ ছিল। ও খুব বেশি ক্রিকেট দেখে না। জীবনটাকে উপভোগ করে। অবসর কাটিয়ে ফিরে এসে নিজের সক্ষমতার প্রমাণ দেয়। আমরা ওর থেকে ঠিক এটাই চাই।’
দুবাইয়ের আর্দ্রতায় ক্লান্ত এবি ম্যাচ শেষে তাঁর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করতে পারেননি। পরিবর্তে অধিনায়কই সেই সম্মান গ্রহণ করেন। সুপার ওভারে এবি’র সঙ্গে তাঁর ব্যাটে নামা প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি ভেবেছিলাম বুমরাহ লম্বা বাউন্ডারির ফায়দা তোলার চেষ্টা করবে। তাই দৌড়ে দু’রান করে সংগ্রহ করার কথা ভেবে এবি’র সঙ্গে আমার কথাই মাথায় এসেছিল। হার্দিক এবং পোলার্ডের বিরুদ্ধে সাইনির সুপার ওভারটা অনবদ্য ছিল।’
তবে সব ভালোর মাঝেও ফিল্ডিং নিয়ে চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। একই ওভারে পোলার্ডের দু’বার জীবন ফিরে পাওয়া নিয়ে বলতে গিয়ে আরসিবি অধিনায়ক জানান, ‘ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আমরা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম ম্যাচটা তাহলে এতো ক্লোজ হত না।’ পাশাপাশি নিজের ব্যাটিং প্রসঙ্গে কোহলি জানান, ‘ইশ, যদি আমি ব্যাট হাতে এবি হতে পারতাম।’
The post রুদ্ধশ্বাস সুপার ওভার জিতে ফিল্ডিংয়ে উন্নতি চাইছেন কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3igJoAa