নিজের লেখা বইতে সিপিএমবিরোধী কথা, সুশান্ত ঘোষকে সাসপেন্ড করল আলিমুদ্দিন

স্টাফ রিপোর্টার, কলকাতা: গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও উপদলীয় কার্যকলাপের অভিযোগে গড়বেতার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে তিন মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম। যদিও দলের তরফে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি সুশান্ত ঘোষের।

বামফ্রন্টের শাসনকালে গড়বেতার বেতাজ বাদশা ছিলেন সুশান্ত ঘোষ। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজনীতি থেকে খানিকটা দূরে ছিলেন তিনি। শুরু করেন বই লেখা। ‘বামফ্রন্ট জমানার শেষ দশ বছর’ শীর্ষক একটি বই লিখে পার্টির অন্দরে বিতর্কে জড়ান। তাঁর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে।

জানা যায়, সুশান্তবাবুকে শো-কজ করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম। কারণ দর্শানোর সেই চিঠির যে জবাব সুশান্তবাবু দিয়েছেন, জেলা নেতৃত্ব তাতে সন্তুষ্ট হতে পারেনি। চিঠির জবাব পাওয়ার পরে অভিযুক্ত নেতাকে জেলা কমিটি বহিস্কারের সুপারিশ করে রাজ্য কমিটির কাছে। এরপরই কেন্দ্রীয় কমিটির দুই সদস্য রামচন্দ্র ডোম ও আভাস রায়চৌধুরির ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গঠিত হয় কমিশন। সেই কমিশন সুশান্ত ঘোষকে দোষী সাব্যস্ত করে।

শুক্রবার কমিশনের রিপোর্ট রাজ্য কমিটির সভায় পেশ করা হয়। সেখানেই প্রাক্তন এই দাপুটে মন্ত্রীকে তিন মাসের জন্য বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অভিযোগ গুরুতর হওয়ার পরেও কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিপিএমের রাজ্য নেতৃত্বের বড় অংশের মত, দলের নিচু তলার কর্মীদের মধ্যে এখনও সুশান্তবাবুর গ্রহণযোগ্যতা আছে। বিশেষত, পরিবর্তনের পরে নানা আক্রমণের মুখে অনেকে যখন দল বদলেছেন, জেল খেটে এবং মামলার চাপ সয়েও তিনি তা করেননি। জেলা নেতৃত্বের বিরাগভাজন হওয়ায় তাঁকে আরও কোণঠাসা করে দেওয়া উচিত হবে না।

এদিন সুশান্ত ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাসপেনশনের ব্যাপারে দল তাঁকে এখনও কিছু জানায়নি।

The post নিজের লেখা বইতে সিপিএমবিরোধী কথা, সুশান্ত ঘোষকে সাসপেন্ড করল আলিমুদ্দিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i1TuFT
Post a Comment (0)
Previous Post Next Post