ফের উত্তরপ্রদেশ, প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা

লখনউ: আবার ধর্ষণ উত্তরপ্রদেশে। হাথরসের ভয়াবহ ঘটনা কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে ঘটে গেল আরও দুটি ধর্ষণের ঘটনা। বুধবার রাতেই জানা যায় হাথরসেই ধর্ষণ করা হয়েছে আর এক দলিত তরুণীকে। আর এবার সামনে এল বুলন্দশহরের ঘটনা।

যোগীরাজ্যের বুলান্দশহরে এক ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ বৃহস্পতিবার সকালে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

বুধবার রাতে সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ জানান, পুলিশের কাছে নির্যাতিতা কিশোরীর বাবা অভিযোগ করেছে, মঙ্গলবার রাতে তাঁদেরই এক ২০ বছরের প্রতিবেশী যুবক তাঁর ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করেছে।

বর্তমানে নির্যাতিতা কিশোরীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। বৃহস্পতিবার সকালে খবর মেলে, গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে।

উল্লেখ্য, হাথরসের ঘটনার পরে সেখানেই আরও এক ২২ বছরের দলিত ছাত্রীকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এঘটনা ঘটেছে মঙ্গলবার। বি কমের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে অ্যাডমিশনের জন্য গিয়েছিলেন। ফেরার পথে তাঁকে তুলে নিয়ে যায় দু’জন। তারা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ছাত্রীর পা ও স্পাইনাল কর্ড ভাঙা অবস্থায় পাওয়া যায়। এইভাবে অজ্ঞান অবস্থায় তাঁকে রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ ধর্ষণের আগে মাদক দেওয়া হয় ওই ছাত্রীকে। ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

একের পর এক এধরনের ঘটনা সামনে আসায় এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে যোগী সরকার। মহিলা নিরাপত্তা নিয়ে বিরোধীরা রীতিমতো তেড়েফুঁড়ে আক্রমণ করেছে যোগী আদিত্যনাথের সরকারকে।

The post ফের উত্তরপ্রদেশ, প্রতিবেশীর হাতে ধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SbNsXZ
Post a Comment (0)
Previous Post Next Post