করোনার থাবায় জৌলুশহীন শারদোৎসবের আনন্দ

তিমিরকান্তি পতি, বাঁকুড়া : আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, বাতাসে মাথা দোলাচ্ছে কাশ ফুল, শিউলি ঝরে পড়ে আছে গাছের তলায়। প্রকৃতি সেজে উঠেছে অপরুপ শোভায়। আকাশে বাতাসে ধ্বণিত হচ্ছে ‘মা’য়ের আগমনী বার্তা। ‘মা’ আসছেন…। ভাদ্রের মাঝামাঝি থেকে এই ছবিই দেখতে ও ভাবতে অভ্যস্ত আমবাঙালি। এবারও সেই ছবির ব্যতিক্রম নয়। কিন্তু এবার হচ্ছে সব কিছুই নিয়ম মেনে।

সেই হওয়ার মধ্যে যেন প্রাণ নেই। করোনা নামক এক অসুরের সৌজন্যে সব কিছুই ওলট পালট। প্রকৃতি অকৃপনভাবে সব কিছু উজাড় করে দিয়ে শারদোৎসবের আগমণী বার্তা ছড়িয়ে দিলেও তাল যেন কেটে যাচ্ছে বারবার। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি হলেও শিল্পীর মনেও সেই আনন্দ নেই। আনন্দ নেই উদ্যোক্তাদের মনেও। করোনার দাপটে সব কিছু যেন নিয়ম রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফি বছর বাঁকুড়াবাসীকে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা উপহার দিয়ে আসা বাঁকুড়া শহরের এক পুজো কমিটির সদস্য বলেন, করোনার দাপট যেভাবে বাড়ছে তাতে বড় আকারের পুজো করার পরিস্থিতি থাকবে বলে মনে হয়না। বাজেটে কাঁটছাঁট করে ছোটো আকারেই পুজো করতে হবে। কারণ মানুষের সেই উন্মাদনা এবার নেই, অন্যান্য বছর যা ছিল বলে তিনি জানান।

তবে এতো সবের পরেও পুজোর আগেই ‘পৃথিবী আবার সুস্থ হবে’ আশাবাদী অনেকেই। বর্তমান প্রজন্মের স্নেহা কর্মকার, শ্বেতা কর্মকাররা বলেন, করোনার দাপট ক্রমশ বেড়েই চলেছে। কি হবে জানিনা। তবে আমরা অনেকটাই আশাবাদী সব ঠিক হয়ে যাবে। প্যাণ্ডেলের বাঁশ বাঁধা হবে। পুজোয় সবাই মিলে আনন্দ হবে।

The post করোনার থাবায় জৌলুশহীন শারদোৎসবের আনন্দ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jrVRSQ
Post a Comment (0)
Previous Post Next Post