নয়াদিল্লি: হাথরস-কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড়। যোগী সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। দলিত কন্যার মর্মান্তিক পরিণতিতে ফুঁসছে দেশ। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। তবে শনিবার প্রবল চাপের মুখে শেষমেশ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।
শনিবার দুপুরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এই প্রথম খোলা মনে কথা বলতে পারলেন হাথরসে নির্যাতিতার পরিবারের সদস্যরা। এতদিন তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি সাংবাদিকদের। ঠিক কী লুকোতে চাইছিল যোগী-প্রশাসন, তা স্পষ্ট নয়?
এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে পেয়েই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। জেলাশাসকের আচরণ নিয়ে ব্যাপক ক্ষোভ জানান তাঁরা। জেলাশাসক তাঁদের মারধর করেছেন বলেও মিডিয়ার সামনে অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমকে এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলায় ছাড় দেওয়া হয়েছে। এতদিন সিট-এর তদন্ত চলছিল এই গ্রামে। সেই কারণেই বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছিল। তবে আপাতত সেই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ায় সব বিধি-নিষেধ তোলা হয়েছে। তবে ৫ জন সাংবাদিকের বেশি একসঙ্গে এলাকায় ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি। গিয়েছিলেন পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা। প্রশাসনিক কর্তাদের কাছে পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানিয়েছেন নির্যাতিতার বাবা।
হাথরসের জেলাশাসকের আচরণ নিয়েও নালিশ জানিয়েছে পরিবার। দলিত পরিবারটিকে সবরকম আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব।
The post চাপের মুখে পিছু হঠল যোগী-প্রশাসন, নির্যাতিতার গ্রামে ঢুকতে ছাড় মিডিয়াকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3irAwb5