ইসলামাবাদ: ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে পাকিস্তানের কোনও লাভ হয়নি। এমন স্বীকারোক্তি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুধু তাই নয় ১৯৯৯ সালের ওই কার্গিল যুদ্ধের সমস্ত দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে পাক সেনাদের উপর চাপিয়ে দিয়েছেন তিনি। ওই যুদ্ধের সময় তিনি ছিলেন পাক প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ দাবি করেছেন তিনি এ যুদ্ধ চাননি। বালুচিস্তানে ১১ দলের সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন, ওই সময় পাকিস্তানকে যুদ্ধের দিকে টেনে নিয়ে গিয়েছিল কয়েকজন সেনা জেনারেল।
সেনা জেনারেলদের দিকে আঙ্গুল তুলে শরিফ জানিয়েছেন, কার্গিলে অত পাকিস্তানি সেনার মৃত্যুর জন্য সেনা জেনারেলরাই দায়ী। তারাই পাকিস্তানকে কার্গিল যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। আর সেই সময় বহু সেনা খেতে না পেয়ে অস্ত্র না পেয়ে মারা গিয়েছে। তিনি দাবি করেন, সেকথা মনে করলে এখনও তিনি মানসিক যন্ত্রণা পান। ওইসব সেনাদের ত্যাগ দেশের কোন কাজে লাগেনি বলে তিনি দাবি করেছেন।
প্রসঙ্গত ১৯৯৯ সালে জম্মু-কাশ্মীরের কারগিলে তিন মাস ধরে ভারত-পাক যুদ্ধ চলেছিল। ওই যুদ্ধে ভারত পাকসেনাদের কারগিল থেকে হটিয়ে দেয়। আর সেই দিন যারা কার্গিল যুদ্ধের জন্য কলকাঠি নেড়ে ছিল তারাই সেই বছর ১২ অক্টোবর হঠাৎ সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নিয়েছিল। পারভেজ মোশাররফ এবং তার সঙ্গীরা তাদের ব্যক্তিগত স্বার্থে দেশকে ওই অবস্থায় টেনে এনেছিল।
The post কার্গিল যুদ্ধে পাকিস্তানের কোন লাভ হয়নি: নওয়াজ শরিফ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TsjcIR