তুরিন: দু’বছরেরও বেশি সময় পর গ্রহের দুই সেরা ফুটবল তারকার দ্বৈরথ ঘিরে চড়ছিল পারদ। কিন্তু কোভিড বাধা হয়ে দাঁড়াল তাতেও। মঙ্গলবার আরও একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় বুধবার রাতে হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে দলের প্রাণভোমরাকে ছাড়াই নেমেছিল জুভেন্তাস। ঘরের মাঠে ম্যাচের ফলাফলও বিপক্ষে গেল রোনাল্ডোহীন জুভেন্তাসের। ওসমানে দেম্বেলে এবং লিওনেল মেসির গোলে জুভেন্তাসকে ২-০ গোলে হারালো বার্সেলোনা।
অর্থাৎ, মঙ্গলবার জোসেপ মারিয়া বার্তোমেউ সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পরবর্তী অধ্যায়টা ভালোই শুরু করল বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকায় ঘরের মাঠে এদিন জুভেন্তাস আপফ্রন্টে বাড়তি দায়িত্ব ছিল আলভেরো মোরাতার উপর।
স্প্যানিশ স্ট্রাইকার গোটা ম্যাচে তিন তিনবার জালে বল ঢোকালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে তুরিনে এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন রোনাল্ড কোম্যানের ছেলেরা। খেলা শুরুর দু’মিনিটের মধ্যেই জুভের প্রাক্তনী মিরালেম পিয়ানিচের জোরালো ভলি শরীর ছুঁড়ে রক্ষা করেন জুভেন্তাস গোলরক্ষক সেজনি।
শুরু থেকেই জুভেন্তাস বক্সে মুহুর্মুহু হানা দেওয়ার ফল ১৪ মিনিটেই পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি বক্সের বাইরে থেকে দেম্বেলের নেওয়া শট ফেডেরিকো চিয়েসার পায়ে প্রতিহত হয়ে জড়িয়ে যায় জালে। যদিও এরপর আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য হয়ে ওঠে।
প্রথমার্ধেই মোরাতার দু’টি গোল বাতিল হয় হ্যান্ডবল এবং অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে দেম্বেলে, গ্রিজম্যানদের প্রয়াস রুখে দিয়ে জুভেন্তাসের ত্রাতা হয়ে দাঁড়ান দুর্গের শেষ প্রহরী সেজনি। সবমিলিয়ে এক গোলে এগিয়ে থেকেই লকাররুমে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে আরও একবার জুভেন্তাস স্ট্রাইকার মোরাতার গোল বাতিল হয়। সৌজন্যে ভিএআর। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে ঘরের মাঠে জুভেন্তাসের পয়েন্ট পাওয়ার আশা। ৮৫ মিনিটে সেই আশায় পুরোপুরি জল ঢেলে দেন মেরি ডেমিরাল।
জোড়া হলুদ কার্ড দেখে তাঁর মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে শেষের কয়েক মিনিট দশজনে হয়ে যায় জুভেন্তাস। ম্যাচের নির্ধারিত সময়ের অন্তিম মিনিটে পরিবর্ত আনসু ফাতিকে বক্সে ফাউল করে বসেন ফেডেরিকো বার্নানদেস্কি। সঙ্গত কারণে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এলএম টেন।
The post বার্সেলোনার কাছে মাথা নোয়াল রোনাল্ডোহীন জুভেন্তাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34BgM0P