লখনউ: উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীর উপর নির্যাতন ও পরে তাঁর মৃত্যুর ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। মামলা দায়েরের পাশাপাশি উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সমন পাঠিয়েছে আদালত।
হাথরসের ঘটনায় ক্ষুব্ধ এলাহাবাদ হাইকোর্ট। জানা গিয়েছে, আদালতের তরফে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অতিরিক্ত ডিজিকে সমন পাঠানো হয়েছে। আগামী ১২ অক্টোবর আদালতে সশরীতে হাজির থাকতে বলা হয়েছে ওই আধিকারিকদের। গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁদের। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও প্রশাসন ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা চাইবে আদালত।
হাথরসের নির্যাতিতা তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ঘাস কাটছিলেন ওই তরুণী। কিছুক্ষণ পর হাতে ঘাসের বান্ডিল নিয়ে ভাই বাড়ি ফিরে এলেও তখনও মাঠে কাজ করছিলেন মা-মেয়ে। জানা গিয়েছে, ঘাস কাটতে কাটতে মায়ের থেকে কিছুটা দূরে চলে যায় ওই তরুণী। কিছু সময় পর মাঠে মেয়েকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করেন ওই তরুণীর মা এবং পরিবারের লোকেরা।
এরপর কিছুটা দূরে দোপাট্টা জড়ানো অবস্থায় বাজরা খেতের মধ্যে মেয়ের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তরুণীর পরিবারের দাবি, মোট চার থেকে পাঁচ জন উচ্চবর্ণের যুবক তাঁদের মেয়েকে টেনে হিঁচড়ে বাজরা খেতের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
নির্যাতনের পরিমাণ এতটাই বেশী ছিল যে, ওই তরুণীর ঘাড়ের হাড় এবং শিরদাঁড়া ভেঙে গিয়েছিলো। পঙ্গু অবস্থায় খেতের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন তরুণী। শেষমেশ একটানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। মেয়েটির মৃত্যুর পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে চুপিসারে দাহ করে দেয় যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। যোগী প্রশাসনের পুলিশের ভূমিকায় দেশের সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।
যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। নির্যাতিত মৃতা তরুণীর হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একাধিক রাজনৈতিক নেতা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।
হাথরাস পৌঁছনোর আগেই রাহুল-প্রিয়াঙ্কার পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিস। গ্রেটার নয়ডায় তাঁদের কনভয় ঢুকতেই পথ আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে যান রাহুল গান্ধী। অভিযোগ, রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। রাহুলকে পুলিশ লাঠিপেটা করেছে বলেও অভিযোগ ওঠে। এরপরই পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে।
The post হাথরস-কাণ্ডে নড়েচড়ে বসল এলাহাবাদ হাইকোর্ট, তলব প্রশাসনের শীর্ষকর্তাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jmO5cZ