স্টাফ রিপোর্টার, কলকাতা: পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগে মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। রাজ নিজেই থানায় এই অভিযোগ দায়ের করেছেন।
পরিচালক জানিয়েছেন, কয়েকদিন আগে শিশু শিল্পীর খোঁজে নিজের ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। সেই বিজ্ঞাপন দেখে অনেক অভিভাবকই তাঁর সঙ্গে যোগাযোগ করেন। অডিশনও হয়। এরমধ্যেই পরিচালক জানতে পারেন, কেউ বা কারা তাঁর নাম করেই অভিভাবকদের থেকে টাকা নিচ্ছেন। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের ধরতে প্রতারিত এক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয় পরিচালকের তরফে। ওই অভিভাবক সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে প্রতারণার বিষয়টি জানান। সেখান থেকেই জানতে পারেন রাজ চক্রবর্তী। এরপর ওই অভিভাবকের থেকে অভিযুক্তের ফোন নম্বর নিয়ে তাদের ডাকা হয়। হাতেনাতে পাকড়াও হয় প্রতারকরা।
শনিবার গোটা ঘটনা জানিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন পরিচালক। তাঁর অভিযোগের ভিত্তিতে বর্ণালী ঘোষ, রাজু নাথ ও দীপম কুণ্ডু নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর পিছনে কে বা কারা রয়েছে কিনা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজ থেকে গোটা বিষয়টি সকলকে জানিয়েছেন রাজ। সতর্কও করেছেন।
ফেসবুক পোস্ট করে রাজ জানিয়েছেন, “আমি আগেও বলেছি, আমি ফেসবুকে কারও সঙ্গে ব্যাক্তিগত ভাবে চ্যাট করি না৷ আর, সোশ্যাল মিডিয়াতে-তে আমার বা আমার কোম্পানির প্রত্যেকটি পেজই ভেরিফায়েড। অর্থাৎ পেজের পাশে একটি ‘blue tick’ দেওয়া আছে। আমাদের এখানে টাকার বিনিময়ে কোনওরকম কাজ করার সুযোগ দেওয়া হয় না। কাজ করার মাপকাঠি শুধুমাত্র তোমাদের যোগ্যতা।”
এর আগেই রাজ জানিয়েছিলেন ‘Tantan নামক একটি ডেটিং অ্যাপে তাঁর একটি ভেরিফায়েড ফেক প্রোফাইল পাওয়া গিয়েছে।
ওই অ্যাপ থেকেই রাজ চক্রবর্তীর নাম ও ছবি ব্যবহার করে মহিলাদের সঙ্গে নানা অশ্লীল কথাবার্তার ঘটনা দেখা গিয়েছে। তারকাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়, এর আগেও বহু তারকার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই আন্তজার্তিক চক্রের হদিশ পায়। এই চক্রটি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ডেটিং অ্যাপ জুড়ে তারকাদের পরিচয় ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মহিলাদের সঙ্গে প্রেমের ফাঁদ পাতেন। অনেক সময় আর্থিক প্রতারণাও করা হয় ওই ভুয়ো অ্যাকাউন্ট গুলি থেকে।
The post রাজ চক্রবর্তীর নামে ভুয়ো প্রোফাইল খুলে আর্থিক প্রতারণা, মহিলা সহ ধৃত ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SmkdBI