কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় এবার অমিত শাহ। সোমবার একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলায় আইনশৃঙ্খলার পরিবেশ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা জবাব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপিশাসিত একটি রাজ্যে ভয়াবহ ধর্ষণের ঘটনায় গোটা দেশ ক্ষুব্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। আপনারা নোংরা রাজনীতি করছেন। আমাদের মেয়েদের সুরক্ষায় একসঙ্গে কাজ করা উচিত।’’
সোমবার ওই বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এপ্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘বাংলার পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগের। বিরোধীদের হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় বোমার কারখানা রয়েছে। তবে এখনই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা রয়েছে কিনা তা এখানে বসে বলতে পারব না।’’

বিজেপির বঙ্গ ব্রিগেড প্রায়ই এরাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে। দিন কয়েক আগে আরও একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন শাহ।
ওই চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সঙ্গত কারণেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমফানের ত্রাণের টাকা নিয়ে চরম দুর্নীতি হয়েছে।’’
বাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলির উপর অত্যাচার করছে শাসক তৃণমূল, এমনই অভিযোগ অমিত শাহের।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভারতের আর কোনও রাজ্যে পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি নেই। বাংলায় বিরোধীদের উপর অনবরত আক্রমণ চলছে। বিরোধীদের খুন করা হচ্ছে। মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে।’’
আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল হবেই, প্রত্যয়ী অমিত শাহ। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বদল আসবে। তৃণমূলকে বাংলা থেকে সরানোই প্রধান লক্ষ্য।’’
The post রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় শাহকে তুলোধনা পার্থের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35j4OYS