নির্যাতিতা চিৎকার করার সময় কাছেই দাঁড়িয়েছিল মা, ভাই, প্রত্যক্ষদর্শীর দাবিতে চাঞ্চল্য

লখনউ: হাথরস কাণ্ডে প্রতিদিন সামনে আসছে নয়া নয়া খবর, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করছে। এবার সামনে এসেছে এমন এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, যার দাবি ঘটনার পর তিনিই নাকি ওখানে প্রথম পৌঁছান।

হাথরসের ঘটনার অন্যতম সাক্ষী বিক্রম সিংয়ের দাবি ঘিরে আলোড়ন উঠেছে। উল্লেখ্য যেখানে নির্যাতিতা পড়েছিল সেই ক্ষেতটি আসলে এই বিক্রম সিং-এর। বিক্রমের দাবি, তিনি সকালে মাঠে ঘাস কাটছিলেন। তখন হঠাৎ মেয়েটির চিৎকারের শব্দ শুনে তিনি সেদিকে ছুটে যান। বিক্রমের দাবি, তিনি যখন সকালে খামারে ছিলেন, সে সময় মেয়েটির আর্তচিৎকার শুনতে পেয়েছিলেন।

তাঁর বক্তব্য, তিনি গিয়ে দেখেন মাঠে নির্যাতিতা পড়ে রয়েছে ও তাঁর মা ও ভাই পাশে দাঁড়িয়ে রয়েছে। তাঁর দাবি, নির্যাতিতার গলায় আঘাত ছিল। ব্যাপার দেখে সে অত্যন্ত ঘাবড়ে যায় ও পাশের মাঠে অন্যদেরকে ডাকতে যায়।

বয়ান মোতাবেক তিনি ফিরে এসে দেখেন, সেখানে শুধু নির্যাতিতার মা দাঁড়িয়ে আছেন, ভাই নেই। বিক্রমের দাবি, এরপর নির্যাতিতার মায়ের কথাতেই এরপর সে নির্যাতিতার ভাইকে ডাকতে তাঁদের বাড়ি যায়। কিন্তু নির্যাতিতার ভাই নাকি জানিয়েছিল, “যখন ৫-৬ জন লোক আসবে তখন আমি যাবো।”

বিক্রম জানিয়েছে, এরপর সে নিজের বাড়ি ফিরে এসে গোটা ঘটনার কথা জানায়। এরপরেই গ্রামের লোকেরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। উল্লেখ্য, এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই।

উল্লেখ্য, হাথরসে অভিযোগ উঠেছে গণধর্ষণের পর নৃশংস অত্যাচার করা হয় এক ২০ বছরের দলিত তরুণীর উপর। জানা গিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মা এবং ভাইয়ের সঙ্গে মাঠে ঘাস কাটছিলেন ওই তরুণী। কিছুক্ষন পর হাতে ঘাসের বান্ডিল নিয়ে ভাই বাড়ি ফিরে এলেও তখনও মাঠে কাজ করছিলেন মা-মেয়ে।

পরিবারের দাবি, ঘাস কাটতে কাটতে মায়ের থেকে কিছুটা দূরে চলে যায় ওই তরুণী। কিছু সময় পর মাঠে মেয়েকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করেন ওই তরুণীর মা এবং পরিবারের লোকেরা। এরপর কিছুটা দূরে দোপাট্টা জড়ানো অবস্থায় বাজরা খেতের মধ্যে মেয়ের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকেরা।

পরিবারের তরফে দাবি করা হয়, মোট চার থেকে পাঁচ জন উচ্চবর্ণের যুবক তাঁদের মেয়েকে টেনে হিঁচড়ে বাজরা খেতের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতনের পরিমাণ এতটাই বেশী ছিল যে, ওই তরুণীর ঘাড়ের হাড় এবং শিরদাঁড়া ভেঙে গিয়েছিলো। পুরো পঙ্গু অবস্থায় খেতের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলো সে।

The post নির্যাতিতা চিৎকার করার সময় কাছেই দাঁড়িয়েছিল মা, ভাই, প্রত্যক্ষদর্শীর দাবিতে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HdaE60
Post a Comment (0)
Previous Post Next Post