স্টাফ রিপোর্টার, সিউড়ি: নন্দীগ্রাম দিবসে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পৃথক সভার সমালোচনা করেছেন দলের শীর্ষ নেতৃত্বের একাংশ তখন শুভেন্দুর পাশে দাঁড়ালেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বুধবার বীরভূমের লাভপুরে তৃণমূলের কর্মীসভা ছিল। সেখানে শুভেন্দু সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “শুভেন্দু তো বিজেপিতে যাওয়ার কথা বলেননি। সে তৃণমূলেই আছে। কেন বলব তাঁর সম্বন্ধে? সে তো বিজেপি করেনি বা বিজেপিতে যোগ দেয়নি। আমিও অনেক সময় ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, এটা আমাদের কৌশল হতে পারে।”
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তেখালিতে সভা করেন পরিবহণমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বললেন, “চেনা বামুনের পৈতে লাগে না। গত ১৩ বছর ধরে এই দিনে আমিই এখানে আপনাদের কাছে এসেছি। কোনও দিন ভূমি উচ্ছেদ কমিটির নামে ভোট চাইনি।” তিনি যোগ করেন, “জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন আমার নয়, আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত।”
শুভেন্দু এও বলেন ”আমি জানি সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন। তারা আমার মুখ থেকে কিছু শুনতে চান। আমি বলব। সব বলব। আমার চলার পথে কোথায় চড়াই-উতরাই, এবার কোন পথ দিয়ে হাঁটব, সব বলব। তবে আজ আমি রাজনৈতিক মঞ্চে আসিনি। নন্দীগ্রামের এই পবিত্র মঞ্চ রাজনীতির জায়গা নয়। এখান থেকে আমি কোনও রাজনৈতিক বার্তা দেব না। রাজনীতির কথা সময় মতো বলব। আর সেটা বলব রাজনৈতিক মঞ্চ থেকে।” শুভেন্দু অধিকারী কথাগুলো বলার পরই হাততালিতে ফেটে পড়ে নন্দীগ্রামের অরাজনৈতিক মঞ্চ। এর পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দোপাধ্যায়রা।
এদিকে, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে এদিন অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, ”ফলাফল নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা রয়েছে। আর আসাদউদ্দিন ওয়েইসির মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম হল বিজেপির দালাল। এই দলটি ৩৬টি আসনে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আমি মুসলিমের বন্ধু, কিন্তু ও মুসলিমের বন্ধু নয়। সম্পূর্ণ বিজেপির দালাল।”
The post নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর পৃথক সভাকে সমর্থন অনুব্রতর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GWRcdU