লাদাখ : আপাতত স্বস্তি। বিতর্কিত প্যাংগং লেকের উত্তর প্রান্তকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করা হয়েছে সাময়িত ভাবে। ভারত বা চিন, কোনও দেশই লেকের উত্তর প্রান্তের ফিঙ্গারস এলাকায় টহলদারি চালাতে পারবে না বলে সম্মত হয়েছে দুই দেশ। ছয় মাসের টানা অচলাবস্থার পর এই সিদ্ধান্তেই পৌঁছেছে বেজিং-নয়াদিল্লি।
জানানো হয়েছে ফিঙ্গারস ফোর থেকে ফিঙ্গারস এইট পর্যন্ত নো ম্যানস ল্যান্ড। সেখানে কোনও দেশই পেট্রলিং করতে পারবে না। এই ঐক্যমত্যে আসার অর্থ দুই দেশকেই নিজের সেনা নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছিয়ে আসতে হবে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে ফিঙ্গারস এইট এলাকা থেকে পিছনে সরতে হবে চিনা সেনাকে। অন্যদিকে, ভারতও ওই এলাকায় টহলদারি করতে পারবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, ফিঙ্গারস এইট এলাকাকেই ভারত নিয়ন্ত্রণ রেখা বলে দাবি করে। নয়াদিল্লির সূত্র অনুযায়ী, চিনা সেনা ৮ কিমি এগিয়ে এসেছে। ফিঙ্গারস ফোর থেকে ফিঙ্গারস এইট পর্যন্ত এলাকায় বাঙ্কার-সেনা ছাউনি তৈরি করেছে চিনা সেনা। যার প্রতিবাদ করেছে ভারত বরাবর। এই এলাকা ঘিরেই বিতর্ক ছড়িয়েছে।
ইন্ডিয়া টুডের ও এসআইএনটি-র একটি টিম জানিয়েছিল, ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ এর মধ্যে চিনের মোট ১৩ টি বোট উপস্থিত রয়েছে। পরে জানানো হয় ফিঙ্গার ৫ এর কাছে আরও আটটি বোট বাড়ানো হয়েছে। মে মাসের আগে পর্যন্ত, ভারতের তরফ থেকে ফিঙ্গারস এইটকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা দাবি করে ফিঙ্গারস ফোরে সেনা অবস্থান করানো হত।
কিন্তু মে মাসে চিনা সেনা ফিঙ্গারস ফোরকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে দাবি করে ফিঙ্গারস ফাইভ থেকে ফিঙ্গারস এইট পর্যন্ত এলাকার দখল নেয়। সরকারি সূত্র জানাচ্ছে ফিঙ্গারস এলাকাকে নো পেট্রলিং জোন ঘোষণা করার পরে এই এলাকায় আর কারোর দখলদারিই চলবে না। কিছুটা হলেও সাময়িক স্বস্তি আসবে লাদাখ সীমান্তে।
যদি এটা বাস্তবায়িত হয়, তবে অগাষ্ট মাসে প্যাংগং সীমান্তের উত্তর প্রান্তের যে দখল নিয়েছিল ভারত, সেখান থেকে সরে আসতে হবে। আট দফার বৈঠকের পর যে সমাধান সূত্র মিলেছিল, সেখান থেকেই এই ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ বলে সূত্রের খবর।
The post লাদাখ সীমান্তে সাময়িক সমাধান, প্যাংগং লেকে লো ম্যানস ল্যান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UjagpF