স্টাফ রিপোর্টার, কলকাতা: অগ্নিকাণ্ডের ন’ বছর পর খুলছে ঢাকুরিয়ার আমরির ক্ষতিগ্রস্ত ভবন। পরিত্যক্ত ভবনটিকে কোভিড হাসপাতাল গড়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিল স্বাস্থ্য দফতর।
করোনা-রেখচিত্র ঊর্ধ্বমুখী। সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে ৩ লক্ষ ৮৫ হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে বাংলার ৭, ০১৩ জনের। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণেই রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড হাসপাতালও।
আমরি হাসপাতাল সূত্রে খবর, আগামী একমাসের মধ্যে কোভিড ওয়ার্ডে পরিষেবা প্রদান শুরু করা হবে। আইসিইউ, এইচডিইউ এবং সাধারণ শয্যা মিলিয়ে প্রায় ১৫০ জন করোনা রোগী চিকিৎসা পরিষেবা পাবেন।
উল্লেখ্য, জানা গিয়েছে, পুজোর পর সব সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড ওয়ার্ড খোলার প্রস্তাব দেয় স্বাস্থ্য দফতর। সেই সময়ই আমরির ওই পুড়ে যাওয়া অংশে কোভিড চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ৯ই ডিসেম্বর৷ শীতের ভোরেই আগুন লাগে সেন্ট্রালি এসি ঢাকুরিয়ার আমরি হাসপাতালে৷ স্থানীয়রা এই আগুন দেখে ছুটে যান হাসপাতালে৷ অভিযোগ ঢুকতে দেওয়া হয়নি তাদের৷ পরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতালের মধ্যে৷ চরম বিপদে পড়েন হাসপাতালে ভরতি রোগীরা৷ দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯২ জনের৷ বেঁচে তাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা৷ এই ভয়াবহ ঘটনার পর প্রশ্ন উঠে যায় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়েই৷ পরে রাজ্য সরকারের অনুমতিতে অ্যানেক্স ভবন বাদ দিয়ে ঢাকুরিয়া আমরির মূল ভবন চলছে।
দু-দিন আগেই ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে চালু হয়েছে নতুন কোভিড হাসপাতাল। আপাতত ২৪টি শয্যা নিয়ে চালু হলেও খুব শীঘ্রই হাসপাতালটি আশিটি শয্যাবিশিষ্ট করা হবে। মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মুহূর্তে কোভিড হাসপাতালে ২২ জন রোগী ভরতি। জানা গিয়েছে, ৩০ লক্ষ টাকা খরচ আইসোলেশন ওয়ার্ডটিকেই কোভিড হাসপাতালের রূপ দেওয়া হয়।
The post আমরির পুড়ে যাওয়া বিল্ডিংয়ে চালু হচ্ছে করোনার চিকিৎসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32fawdJ