তিমিরকান্তি পতি, বাঁকুড়া : জেলার প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত কালী পুজোগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া শহরের বড় কালীতলার পুজো। স্বাধীনত্তোর সময়ে এই মন্দিরের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যক্ষ যোগাযোগের সন্ধান মেলে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের গীতাপাঠ, শক্তি সাধনা আর বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেওয়ার কাজও হতো বলে শোনা যায়।
জেলা গবেষক মহল সূত্রে খবর, বাঁকুড়া শহরের বর্তমান ১২ নম্বর ওয়ার্ডের বড় কালীতলায় আনুমানিক ১৮৬৩ সালে একটি চুন সুরকির তৈরী বাড়ি নির্মিত হয়। বর্তমানে যা ‘বিপ্লবী বাড়ি’ হিসেবে পরিচিত। সেখানে তৎকালীন সময়ে অনুশীলন সমিতির গোপন আস্তানা ছিল। এই বাড়ির মধ্যে থাকা একটি গোপন ঘরে, দিনের পর দিন পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক বিপ্লবীই আত্মগোপনই করে থেকেছেন।
এমনকি এমন তথ্যও পাওয়া যায় যে, এই বাড়ির সদস্য ধরণীধর মুখোপাধ্যায় নিজে বিপ্লবীদের সহায়তা করার পাশাপাশি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। সেকারণেই এই বাড়ির উপর পুলিশেরও কড়া নজর থাকত। এমন ঘটনাও ঘটেছে বলে শোনা যায়, বাড়িতে পুলিশ ঢোকার আগেই মজুত করা অস্ত্র পিছনে একটি পুকুরে ফেলে দেওয়া হতো। ফলে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও প্রমাণ পায়নি৷ অবস্থানগত সুবিধার কারণে এই বাড়িকে কেন্দ্র করে পুলিশের চোখ এড়িয়ে বৈপ্লবিক কাজকর্ম চালাতে বিপ্লবীদের সুবিধা হত।
আলিপুর বোমা মামলায় দণ্ডিতদের মধ্যে অধিকাংশ বিপ্লবীই এই বাড়িতে আসতেন। আর এই বাড়ির একদম কাছে বড়কালী তলার কালী মন্দির৷ দেবী মূর্তির সামনে গীতা পাঠ, শক্তি সাধনা করতেন বিপ্লবীরা বলে শোনা যায়। এমনকি এখানেই বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হতেন তাঁরা৷
বংশানুক্রমে এই মন্দিরে পুজো করে আসছেন শহরের চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরাই। বর্তমান পুরোহিত ভৈরবনাথ চট্টোপাধ্যায় বলেন, এখানে তান্ত্রিক মতে পুজো হয়। অনেক বিপ্লবী অংশ নিতেন। তারা বংশপরম্পরায় এখানে পুজো করছেন বলে জানান।
বিপ্লবী ধরণীধর মুখোপাধ্যায়ের বর্তমান বংশধর আশীষ মুখোপাধ্যায় বলেন, বাবা, জ্যেঠামশায়রা সবাই বৈপ্লবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিপ্লবীরা এই কালীপুজোতেও সমানভাবে অংশ নিতেন বলে তিনি জানান।
The post এই মন্দিরে দেবী মূর্তির সামনেই শক্তি সাধনা করতেন বিপ্লবীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nmS7nf