স্টাফ রিপোর্টার, কলকাতা: বাংলায় এসে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল এক্তিয়ারের মধ্যে থেকেই কাজ করছেন বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান অমিত শাহ।
রাজ্যপাল জগদীপ ধনকড় ‘বিজেপি’ ঘনিষ্ঠ বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল। তিনি কি সত্যিই নিজের সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করছেন বাংলায়? সাংবাদিকদের এই প্রশ্নে অবশ্য ধনকড়ের পাশেই দাঁড়িয়েছেন অমিত শাহ। তাঁর বক্তব্য, রাজ্যপাল যা করছেন, সংবিধান মেনেই কাজ করছেন। এরপর তাঁর পালটা প্রশ্ন, ”দার্জিলিংয়ে উনি গেলেন, ডিএম ওনার সঙ্গে দেখা করলেন। আর তার পরেরদিনই ওই ডিএমকে বদলি করে দেওয়া হল। এর কারণ কী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই জানতে চাইছি।”
গত সপ্তাহেই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পর এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিল্লি থেকে ফিরে আপাতত দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, দিল্লিতে গিয়ে যেভাবে অমিত শাহের সঙ্গে সরাসরি বৈঠক করে প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যপাল তাতে তাঁকে বিজেপির মুখপত্র বলেই আক্রমণ শানিয়েছিলেন বাংলার রাজনৈতিক নেতারা। তৃণমূল তো বটেই বাম-কংগ্রেসও এর তীব্র সমালোচনা করেছে। রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেছিলেন বামেরা।
অমিত শাহের বাংলা সফরের মধ্যেই রাজ্যপালকে আক্রমণ শানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, রাজ্যপাল বিজেপির মুখ্যমন্ত্রী পদের ভাল মুখ। বিজেপির বিজ্ঞাপন করতেই পাহাড়ে গিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে জেতা রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি কদিন আগেই অমিত শাহর কাছে আর্জি জানান, মহারাষ্ট্রের রাজ্যপালের মতো পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও সংযত থাকার বার্তা দিন। সিঙ্ঘভি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি অন্যান্য রাজ্যপাল, বিশেষত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষেত্রেও একই কথা বলতেন, ভাল হত।’’ কিন্তু বাস্তবে দেখা গেল, রাজ্যপালকে বার্তা দেওয়ার থেকে উল্টে তাঁকে সমর্থনই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
The post রাজ্যপাল এক্তিয়ারের মধ্যে থেকেই কাজ করছেন, দাবি অমিত শাহর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ndsOnV