আলুর বীজের দাম আকাশ ছোঁয়া, চিন্তায় মাথায় হাত চাষিদের

তিমিরকান্তি পতি, বাঁকুড়া : শারদোৎসব শেষে এবার শীতের শুরুতেই শুরু হয়েছে আলুর মরশুম। সাধারণত নভেম্বরের শুরু থেকেই জোর কদমে আলু চাষের কাজ শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই কাজে এবার অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে বাঁকুড়ার সাধারণ কৃষিজীবি মানুষকে। আলু বীজ, সার, কীটনাশক ও মজুরি খরচ যে হারে বেড়েছে ও বাড়ছে, তাতে আলু চাষে আদৌ লাভ হবে কি না তা নিয়ে ধন্দে এখানকার চাষিরা।

মরশুমের শুরুতেই জেলার ‘আলু ভাণ্ডার’ হিসেবে পরিচিত কোতুলপুর, পাত্রসায়র, ইন্দাস, দক্ষিণের সিমলাপাল সহ বিভিন্ন অংশের চাষীরা জলদি জাতের আলু চাষের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু এবছর আলু বীজের দাম যেভাবে বেড়েগিয়েছে তাতে দিশেহারা অবস্থা হয়েছে তাদের।

বিগত কয়েক বছরের থেকে এবার চার গুণেরও বেশি দাম বাড়ায় চরম সমস্যায় সাধারণ আলু চাষীরা। আলু চাষী থেকে বীজ ব্যবসায়ী প্রত্যেকেই জানিয়েছেন গত বছর যেখানে ৫০ কেজির প্যাকেট পিছু আলুবীজের দাম ছিল ৮০০ থেকে ১ হাজার টাকা, এবার তা বেড়ে হয়েছে ৪ হাজারের উপর। এর বাইরে সার, কীটনাশক, সেচ-এসবের খরচ ধরলে বিঘা প্রতি ২০ হাজার টাকার উপর খরচ পড়বে।

উপরিপাওনা হিসেবে আবহাওয়ার খামখেয়ালিপনা তো আছেই। ফলে এতো পরিমান খরচ করে আলু চাষ করা সম্ভব নয় বলেই তারা জানিয়েছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার চাষীদের দাবি, তাদের উৎপাদিত আলুর দাম নিয়ন্ত্রণে সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করুক। আর এই আলু বীজের দাম বাড়ার পিছনে চাহিদার তুলনায় যোগান কম থাকাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জেলা কৃষি দফতর সূত্রে খবর, সাধারণভাবে বাঁকুড়া জেলায় ৫১ থেকে ৫৫ হেক্টর আলু চাষ হয়। চলতি বছরে তা আরো ২০ থেকে ২৫ ভাগ এলাকায় বাড়তি চাষের সম্ভাবনা ছিল। কিন্তু আলু বীজ সহ অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় সেই সম্ভাবনা তেমন নেই বলেই তারা মনে করছেন।

জেলা কৃষি আধিকারিক সুশান্ত মহাপাত্র বলেন, এবার আলু বীজের দাম অবশ্যই বেড়েছে। তবে আইন অনুযায়ী বীজের দাম নিয়ন্ত্রণে সরকারের কোন নিয়ন্ত্রণ সুযোগ নেই। সেকারণেই বিষ্ণুপুর মহকুমার সরকারী কৃষি খামার গুলিতে আলু বীজ তৈরী করা হয়। বর্তমানে সেখানে ১৬৬ ক্যুইন্ট্যাল বীজ মজুত আছে, যা আগামী ৪ নভেম্বর তারিখে পাত্রসায়র থানা মার্কেটিং সোসাইটির হিমঘর থেকে বিক্রি করা হবে বলে তিনি জানান।

The post আলুর বীজের দাম আকাশ ছোঁয়া, চিন্তায় মাথায় হাত চাষিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IfYA4p
Post a Comment (0)
Previous Post Next Post