কলকাতা: কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তাব গ্রহণ ও পাল্টা আইন তৈরির দাবি রাজ্যের বাম-কংগ্রেস নেতৃত্বের। ইতিমধ্যেই এব্যাপারে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে দুই দল। দ্রুত বিধানসভার অধিবেশন ডাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বাম-কংগ্রেস নেতৃত্ব।
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাাদ কর্মসূচি নিয়েছে বিজেপি বিরোধী একাধিক দল। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রের কৃষি আইনের পাল্টা আইন তৈরি হচ্ছে।
ইতিমধ্যেই রাজস্থানে পাল্টা কৃষি আইন তৈরি করেছে অশোক গেহলটের সরকার। একইভাবে কেরালা, পাঞ্জাবেও কেন্দ্রের আইনের বিরুদ্ধে গিয়ে পাল্টা কৃষি আইন তৈরি করেছে রাজ্য় সরকার।

তবে শুরু থেকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে গেলেও এখনও পর্যন্ত কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ ও বিকল্প আইন রাজ্যে তৈরির ব্যাপারে উদ্যোগ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার।
এবার সেই বিষয়টি নিয়েই রাজ্য সরকারের সমালোচনা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। দ্রুত বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব ও বিকল্প আইন তৈরির ব্যাপারে মুখ্যমন্ত্রীকে জরুরী চিঠি দিয়েছে বাম এবং কংগ্রেস পরিষদীয় দল।
এব্যাপারে টুইটে সুজন চক্রবর্তী লিখেছেন, ‘‘দ্রুত বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে জনবিরোধী কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব ও বিকল্প আইন তৈরির আহ্বান। রাজ্য সরকার নীরব কেন? কেরালা, পাঞ্জাব বা রাজস্থান পারলে আমাদের রাজ্য নয় কেন? অবস্থান স্পষ্ট করুন মাননীয়া।’’
The post মুখ্যমন্ত্রীকে জরুরি চিঠি বাম, কংগ্রেস পরিষদীয় দলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oPPxb2