কলকাতা: রাস্তার ধারে শুয়ে অসহ্য গর্ভযন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা৷ কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই একটি পুত্রসন্তানও প্রসব করেন তিনি৷ কিন্তু করোনা আবহে তার কাছে কেউ আসতে সাহস পাচ্ছেন না৷ বিষয়টি নজরে আসে এক পুলিশ কর্মীর৷ বিন্দুমাত্র দ্বিধা না করে মা এবং সদ্যোজাত শিশুপুত্রকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন তিনি৷
লালবাজার সূত্রে খবর,মঙ্গলবার দুপুর একটা নাগাদ নিয়মমাফিক রাউন্ডে বেরিয়েছিলেন তিলজলা ট্র্যাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌভিক চক্রবর্তী। বাসন্তী হাইওয়ের ওপর চৌবাগার কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, রাস্তার ধারে শুয়ে অসহ্য গর্ভযন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই একটি পুত্রসন্তানও প্রসব করেন তিনি।
বিন্দুমাত্র দ্বিধা না করে মা এবং সদ্যোজাত শিশুপুত্রকে গাড়িতে তুলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের দিকে ছোটেন “মানবিক” পুলিশ সৌভিক চক্রবর্তী। তখন ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন, বলেন তাঁদের যাত্রাপথের প্রতিটি ট্র্যাফিক সিগন্যাল খোলা রাখতে৷
সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয় ‘গ্রিন করিডর’,৷ ফলে বাড়তি এক মিনিটও নষ্ট হয়নি। যেতে যেতেই ফোনে যোগাযোগ করেন মহিলার পরিবারের সদস্যদের সঙ্গেও।
হাসপাতালে পৌঁছে নির্দিষ্ট বিভাগে মহিলার ভর্তির ব্যবস্থা করাই শুধু নয়, প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দিয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সৌভিকবাবু। শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে। হাসপাতাল সূত্রে খবর, মা ও ছেলে দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন৷
এর আগেও মানবিক পুলিশকে দেখা গিয়েছিল ইংরেজবাজারে৷ তিনদিন ধরে রাস্তার ধারে পড়েছিলেন ৭০ -এর বেশি বয়সের এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ৷ মুখে মাক্স নেই, তার ওপর অজ্ঞাত পরিচয়। ফলে করোনা আতঙ্কে কেউ আশেপাশে ঘেঁষেননি।শেষে অসুস্থ ভবঘুরেকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করল “মানবিক” পুলিশ। পুলিশের এমন ভূমিকায় খুশি সবাই।
The post রাস্তায় জন্ম, ‘গ্রিন করিডর’ করে মা ও সন্তানকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kobn27