তিন বছরে ৩০% ভোট বৃদ্ধিই বিজেপি-র ২০২১-এর নির্বাচনী লড়াইয়ের হাতিয়ার

শিবপ্রিয় দাশগুপ্ত: ২০০ আসন নিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। এই দাবি বিজেপি-র সর্বস্তরের নেতা-কর্মীদের। এর পিছনে কোন রসায়ন কাজ করছে? কেন বিজেপি এই দাবি করতে পারছে? এর সহজ উত্তর ২০১৬ থেকে ২০১৯-এ বিজেপির রাজ্যে ক্ষমতা বাড়িয়ে নেওয়া। পশ্চিমবঙ্গে ২০১৬ থেকে ২০১৯, এই তিন বছরে বিজেপি নিজেদের শক্তি বাড়িয়ে রাজ্যবাসীর যেমন নজর কেড়েছে তেমন ঘুম কেড়েছে তৃণমূলের। একে এই সময় ক্ষমতার তলানিতে পৌঁছেছে বাম, কংগ্রেস। মাত্র তিন বছরে বাংলার মাটিতে বিজেপির ভোট প্রাপ্তির শতাংশ হার ১০% থেকে বাড়িয়ে ৪০% এ পৌঁছেছে। অর্থাৎ শুধুমাত্র তিন বছরে ৩০ শতাংশ ভোট বাড়িয়ে বিজেপি বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করতে সফল হয়েছে। সম্প্রতি বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা ঘুম কেড়েছে বিজেপি, তৃণমূলের।

তবে উল্লেখযোগ্যভাবে ২০১৬ থেকে ২০১৯-এর সময়কাল পর্যন্ত রাজ্যে বিজেপির এই ভোট পাওয়ার শতাংশ হার বাড়লেও রাজ্যের শাসক দল তৃণমূলের ভোটব্যাঙ্ক সেই অর্থে কিন্তু কমেনি। ফলে বিজেপিকে নিয়ে সেই অর্থে মাথাব্যাথা বাড়েনি তৃণমূলের। তবে দলের ভাঙ্গনেই তৃণমূলের মেরুদন্ড কিছুটা নড়বড়ে হয়ে গেছে। আর ঠিক এই অবস্থানে দাঁড়িয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভার প্রাপ্ত আসন ধরে রেখে নতুন করে তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা বসাতে চেষ্টা চালাচ্ছে । কেউই “বিনাযুদ্ধে সুচাগ্র মেদিনী” ছাড়তে নারাজ। বাংলায় মতুয়া সম্প্রদায় থেকে আদিবাসী এবং তফশিলি ভোটে ২০১৯ সাল থেকে একটু একটু করে আধিপত্য বিস্তার করেছে বিজেপি। বিজেপি চাইছে রাজ্যের ৭০% নির্বাচকমণ্ডলীর ভোটের মাধ্যমে নিজেদের জয় ছিনিয়ে নিতে।

গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ২ থেকে ১৮টি লোকসভা আসন নিজেদের দখলে নিলেও তৃণমূলের ভোট শতাংশ সেই অর্থে কমেনি। উল্টে বামেদের ভোট যতটা কমেছে হিসেবে বলছে ঠিক ততটাই ভোট বেড়েছে বিজেপির। তবে ২০১৯-এর পর থেকে রাজ্যে যেভাবে তৃণমূলে ভাঙ্গন এবং তৃণমূলের ভোটব্যাঙ্কে নানাভাবে ধাক্কা এসেছে তাতে এবারের ভোটে বিজেপি বাংলায় ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী হচ্ছে। এতোদিন যাবৎ বঙ্গ রাজনীতিতে বিজেপি বাম কংগ্রসের ঘর ভেঙে নিজেদের শক্তি বৃদ্ধি ঘটিয়ে প্রায় ৪০ শতাংশ শক্তি বাড়িয়েছে। এবারে তৃণমূলের ঘর ভেঙে সেই শক্তি আর কিছুটা বাড়িয়ে নিতে পারলেই একুশের নির্বাচনে জয় ছিনিয়ে নিতে পারবে বিজেপি, এটাই তাদের আশা।

তবে নির্বাচনের পাটিগণিত বলছে , বাম ও কংগ্রেস যদি তাদের হারানো ভোট ব্যাঙ্ক এবারে বিজেপির কাছ থেকে নিজেদের ঘরে ফিরিয়ে নিতে পারে তাহলে একুশের নির্বাচনে বিজেপির সমস্যা অবশ্যই বাড়বে । সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটের ব্রিগেডের সভা ও তার পরবর্তী সংযুক্তমোর্চার সভার ভিড় কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। তাহলে বিজেপির বাড়াভাতে ছাই ঢেলে দেবে সংযুক্ত মোর্চা।

২০১৬ সালে বিধানসভায় মাত্র ৩টি আসন পাওয়া বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে এখন অংকের হিসেবে ১২১টি বিধানসভা নিজেদের দখলে রেখে ২০২১-এর বিধানসভা নির্বাচন লড়তে নেমেছে। ২০১৬-র বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিলো ১০,১৬ শতাংশ। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ টি লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। যেখানে দাঁড়িয়ে বিজেপির ভোট শতাংশ ছিলো ৪০,০৭ শতাংশ। সেই দিক থেকে বিচার করলে ২০১৯এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে ২৯৪টি বিধানসভার মধ্যে বিজেপি এখন ১২১টি বিধানসভায় এগিয়ে আছে। আর এই বিপুল ভোট বৃদ্ধির পরেই একুশের নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে অন্যতম চ্যালেঞ্জার হয়ে ওঠে বিজেপি। তবে তৃণমূল, বিজেপি-র নির্বাচনী লড়াইয়ে কিছুটা হলেও ত্রাসের সঞ্চার করেছে সংযুক্ত মোর্চা।

The post তিন বছরে ৩০% ভোট বৃদ্ধিই বিজেপি-র ২০২১-এর নির্বাচনী লড়াইয়ের হাতিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dmSbQx
Post a Comment (0)
Previous Post Next Post