ভোটের আগে সরানো হল মহিষাদলের CI-কে, অপসারিত হলদিয়ার SDPO

Bjp delegation meet with Election Commission

কলকাতা: অভিযোগ এসেছিল আগেই। শেষমেশ ভোটের ঠিক আগে তৎপরতা কমিশনের। অপসারিত মহিষাদলের সিআই। হলদিয়ার এসডিপিও-কেও সরিয়েছে নির্বাচন কমিশন। মহিষাদলের নতুন সিআই করা হয়েছে শীর্ষেন্দু দাসকে। এরই পাশাপাশি বরুণ বৈদ্যের জায়গায় হলদিয়ার নতুন এসডিপিও হলেন উত্তম মিত্র।

নির্বাচনের কাজে পক্ষপাতিত্ব করার অভিযোগ ওঠে এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী প্রথম দফার ভোটের দিনেই কমিশনে চিঠি লিখে হলদিয়ার এসডিপিও, নন্দীগ্রাম থানার একাধিক পুলিশ আধিকারিক-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নালিশ জানান। তাঁরা ভোটের কাজে পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ তোলেন শুভেন্দু।

বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ফের তৎপরতা নির্বাচন কমিশনের। ভোটের কাজে পক্ষাপাতিত্বের অভিযোগ ওঠায় পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার সিআই এবং হলদিয়ার এসডিপিও-কেও সরিয়েছে নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না এই দুই পুলিশ অফিসার। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন।

সেই লক্ষ্যেই গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক পদক্ষেপ করে চলেছে কমিশন। আগেই নিষ্ক্রিয় করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে। ভোটের কোনও কাজে নিজের ক্ষমতা ব্যবহার করতে পারবেন না তিনি। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পদে থাকলেও নির্বাচনের কাজে নিজের ক্ষমতা ব্যবহার করতে পারবেন না রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা। তারও আগে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

রাজ্যে অবাধ ভোট করতে এবার বহু গুণে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। বুথের নিরাপত্তায় থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই। রাজ্য পুলিশ থাকছে বুথ থেকে বেশ কিছুটা দূরে। নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত রাখতে চেষ্টার কসুর করছে না কমিশন।

যদিও কমিশনের এই তৎপরতায় একেবারেই খুশি নয় রাজ্যের শাসকদল তৃণমূল। নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলীহেলনে চলছে বলে অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলনেত্রী থেকে শুরু করে শাসকদলের একাধিক নেতা। বামেরাও কমিশনের তৎপরতা নিয়ে একাধিক ক্ষেত্রে প্রশ্ন তুলেছে।

The post ভোটের আগে সরানো হল মহিষাদলের CI-কে, অপসারিত হলদিয়ার SDPO appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wgaik3
Post a Comment (0)
Previous Post Next Post