পঞ্জাবের হয়ে অনুশীলনে নেমেই হুঙ্কার শামির

মুম্বই: টানা দ্বিতীয়বার ক্যাঙ্গারুর দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরলেও ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের শুরুটা মোটেই ভালো হয়েছিল না টিম ইন্ডিয়ার। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানের লজ্জা জুড়ে গিয়েছিল বিরাট কোহলির দলের সঙ্গে। যদিও বাকি সিরিজে যে প্রত্যাঘাতটা রাহানের ভারত ছুঁড়ে দিয়েছিল সেটা আজীবন মনে রাখবে ব্যাগি গ্রিনরা। তবে অ্যাডিলেডে লজ্জার সঙ্গে ভারতীয় শিবিরে নেমে এসেছিল হতাশাও। কারণ চোটের কারণে অবশিষ্ট অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন পেস বিভাগের অন্যতম অস্ত্র মহম্মদ শামি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং’য়ের সময় অজি পেসার প্যাট কামিন্সের ডেলিভারির লাইন মিস করায় কনুইয়ে চোট পেয়েছিলেন বঙ্গ পেসার। এরপর দেশে ফিরে চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রিহ্যাব সেরেছেন শামি। তাই গত তিন মাসেরও বেশি সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া টুর্নামেন্টে বাইশ গজে শামিকে দেখা যায়নি। বেঙ্গালুরুর এনসিএ’তে সম্পূর্ণ ফিট হয়ে সম্প্রতি আইপিএলে ফ্র্যাঞ্চাইজি দল পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন জাতীয় দলের পেস বিভাগের অন্যতম সেরা অস্ত্র।

সেখানে পৌঁছে এসওপি মেনে সাতদিনের কোয়ারেন্টাইন কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার আউটডোর সেশনে নামলেন শামি। আর অনুশীলনে নেমেই হুঙ্কার ছেড়ে বঙ্গ পেসার জানিয়ে দিলেন আইপিএলের চতুর্দশ সংস্করণের জন্য তৈরি তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের বোলিং অনুশীলনের একটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শামি লেখেন, ‘তোমাদের ছেলে মাঠে ফিরেছে।’ এই বার্তার মধ্যে দিয়েই শামি বুঝিয়ে দিয়েছেন আসন্ন আইপিএলে তিনি আগুন ঝরাতে প্রস্তুত।

গত মরশুমে মরুশহরে আইপিএলে বল হাতে যথেষ্ট সক্রিয় ছিলেন শামি। ১৪ ম্যাচে তাঁর নামের পাশে ছিল ২০টি উইকেট। টুর্নামেন্টের প্রথম পর্বটা ভালো না গেলেও দ্বিতীয় পর্বে দুর্দান্ত কামব্যাক করেছিল শামির ফ্র্যাঞ্চাইজি দল পঞ্জাব কিংস। যদিও গত মরশুম অবধি কিংস ইলেভেন পঞ্জাব নামেই আইপিএল খেলেছিল প্রীতি জিন্টার মালিকানাধীন দলটি। চলতি মরশুমে ট্রফি খরা কাটানোর লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজির নাম এবং লোগোয় পরিবর্তন এনেছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি নয়া জার্সিরও আত্মপ্রকাশ ঘটেছে পঞ্জাব কিংসের।

The post পঞ্জাবের হয়ে অনুশীলনে নেমেই হুঙ্কার শামির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31BlMAu
Post a Comment (0)
Previous Post Next Post