নয়াদিল্লি : একই ব্যক্তিকে দুবার করোনা টিকা দেওয়া অসম্ভব ব্যাপার। পদ্ধতিগত দিক থেকে একই ব্যক্তিকে একই সময়ে দুটি করোনা টিকা দেওয়া যায় না। বিতর্ক উড়িয়ে সাফ জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের কানপুরের স্বাস্থ্য আধিকারিকরা। তাঁরা এদিন জানান যে মহিলা দুবার একই করোনা টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন, তা সম্ভবই নয়।
সংবাদ সংস্থা পিটিআইকে লখনউতে অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ জানিয়েছেন একবার কোনও ব্যক্তিকে করোনা টিকা দেওয়া হয়ে গেলে, সেই সিরিঞ্জ ও সূঁচ ব্যবহারের যোগ্য থাকে না। কারণ করোনা টিকা দেওয়ার জন্য ব্যবহার করা হয় “auto-disable syringe”। তাই ওই একই সিরিঞ্জ ও সূঁচে ফের টিকা দেওয়া যেতে পারে না।
যদিও এরই মধ্যে কানপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজেশ কাটিয়ার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঠিক কি ঘটেছিল তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।। এই রিপোর্ট জেলা শাসককেও দিতে হবে বলে খবর। তবে দুবার করোনা টিকার ডোজ নেওয়ার পরেও ওই মহিলা সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, জানা যায়, কানপুরের দেহাত জেলার মন্ডোলির এক স্বাস্থ্যকেন্দ্রে কোভিড ভ্যাকসিন দেওযার দায়িত্ব দেওয়া হয়েছিল অর্চনা নামে এক স্বাস্থ্যকর্মীকে। কিন্তু কাজের সময় অর্চনা নামের ওই স্বাস্থ্যকর্মী মোবাইলে এতটাই মশগুল ছিলেন যে, কমলেশ দেবী নামে এক মহিলাকে দুবার টিকা দিয়ে ফেলেন। এতে কমলেশ দেবীর হাত ফুলে যায় এবং যন্ত্রনাও অনুভব করেন। কমলেশ দেবী যখন তাঁকে কেন দুবার ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারে জানতে চান, তখন অর্চনা ভুল করে দেওয়া হয়ে গিয়েছে বলে দায় এড়িয়ে যান। শুধু তাই নয়, কমলেশ দেবীকেই বকাঝকা করতে থাকেন।
এই ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রে হৈচৈ শুরু হয়ে যায় এবং ওই কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্বাস্থ্য বিভাগের এতবড় গাফিলতিতে কমলেশ দেবীর জীবন বিপন্ন হতে পারত।মহিলার পরিবার চিফ মেডিকেল অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন।করোনা মহামারী গুরুতর আকার নিতেই সাধারণ নাগরিককে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার বা বারবার সাবান-জল দিয়ে হাত ধোওয়া, সামাজিক দূরত্ব বিধি পালনের আর্জি জানাচ্ছে সরকার। সেইসঙ্গে কোনও সমস্যা হলে অবিলম্বে স্বাস্থ্য বিভাগের সাহায্য নেওয়ার কথা বলা হচ্ছে।এহেনপরিস্থিতিতে কোনো স্বাস্থ্যকর্মী যদি এমন ভুল করেন তাহলে সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য।
The post পদ্ধতিগতভাবে দুটি ডোজ একবারে দেওয়া অসম্ভব, বিতর্ক খারিজ প্রশাসনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3sPkA8B