বাঁকুড়া: বেজে গিয়েছে ভোটের দামামা । দ্বিতীয় দফায় বঙ্গের ভোট বিধান আজ। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণের জেলা বাঁকুড়ার আটটি কেন্দ্রে বিধানসভা নির্বাচন।
তবে নির্বাচনের সকালে বাঁকুড়া বিধানসভায় দুটি বুথে ইচ্ছাকৃতভাবে ইভিএম খারাপ করে রাখার অভিযোগ তুললেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ১১৫ এবং ১১৯ নং মিউনিসিপাল হাইস্কুলের দুটি ইভিএম মেশিন ইচ্ছাকৃতভাবে খারাপ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তৃনমূলের তারকা এই প্রার্থী।
এদিন তিনি অভিযোগ করে আরও বলেন, ”এখানে এইসব বুথ গুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট আধিক্য রয়েছে। নির্বাচন কমিশনকে জানিয়ে ইভিএম মেশিন পাল্টানো হয়নি ।” এটা একটা চক্রান্ত বলেও দাবি করেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়৷ এই পর্বে চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে৷ আজ পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে৷ এরই পাশাপাশি ভোট বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রেও৷ দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷
রাজ্যে প্রথম পর্বের ভোট নিয়ে সন্তুষ্ট বিজেপি৷ প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬টিতেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদী অমিত শাহ৷ যদিও শাহের এই দাবি ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের ফল ঘোষণার আগেই শাহের এই দাবির পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী।
অন্যদিকে, হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটের আগে জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু তার মধ্যেও বেশ কিছু জায়গায় গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। নন্দীগ্রামের একাধিক বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। সকালে ৬, ৭, ১৪, ৭৪, ৭৫, ৫২, ৫৩, ১০৫, ২৪৮, এই বুথগুলিতে বিজেপি কর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে তৃণমূল অভিযোগ৷ সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তারা।
এছাড়াও ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। দাদপুর গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির-র বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। বুধবার রাতে উত্তম দোলই নামে তৃণমূল কর্মীর পেটে ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কেশপুর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
The post ইচ্ছাকৃতভাবে ইভিএম খারাপ করে রাখার অভিযোগ সায়ন্তিকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OfDSF8