ভোটের বাংলায় সংক্রমণের বিদ্যুৎ গতি, একদিনে করোনা আক্রান্ত ১৭৩৩

কলকাতা: ভোটের বাংলায় ফের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ। একদিনে দু’হাজারের দোরগোড়ায় সংক্রমণ। মৃত্যু চারজনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি। শহর কলকাতা লাগোয়া হাওড়া, উত্তর ২৪ পরগনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। নাগরিকদের একাংশের হেলদোলহীন আচরণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্যের সর্বত্র কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে আরও বেশি জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

গরম বাড়তেই সংক্রমণও লাদামছাড়া হয়ে উঠেছে। নির্বাচনের বাংলায় করোনার চোখ রাঙানি জারি। বরং ভোট শুরুর সঙ্গে-সঙ্গেই রাজ্যে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। গোটা রাজ্যে রাজনৈতিক দলগুলির সভা , সমাবেশ, রোড শো চলছে। সেই সভা, সমাবেশগুলিতে অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া ঢুকে পড়ছেন। শুধু সাধারণ মানুষই নন, সভা, মিছিল, রোড শোয়ে হাজির একাধিক রাজনৈতিক দলের নেতাদেরও মাস্ক পরতে প্রবল অনীহা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে তার জেরেই সংক্রমণ বেড়ে চলেছে। একদিনে নতুন করে রাজ্যে ১,৭৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নয়া এই আক্রান্তদের মধ্যে ৫১৩ জনই শহর কলকাতার। একদিনে কলকাতায় করোনার বলি ২। দৈনিক সংক্রমণের নিরিকে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৩১ জন করোনা আক্রান্ত। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯।

গোটা দেশেই করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে। সবচেয়ে খারপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেরাজ্যে প্রতিদিন নতুন করে হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে নতুন করে লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সংক্রমণ এড়াতে রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সেই বৈঠকে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপের পরামর্শ দেয় কেন্দ্র। রাজ্য়দুলিকে কোভিড প্রোটোকল মেনে চলায় জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণ কর্মসূচির গতি বাড়াতে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শনিবার সকার পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৮ হাজার ১৮৯। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৩১।

The post ভোটের বাংলায় সংক্রমণের বিদ্যুৎ গতি, একদিনে করোনা আক্রান্ত ১৭৩৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31HwDsv
Post a Comment (0)
Previous Post Next Post