করোনা সতর্কতা: বন্ধ করে দেওয়া হল মঙ্গল পান্ডে উদ্যান

স্টাফ রিপোর্টার, বারাকপুর : মারণ ভাইরাস করোনা রুখতে তৎপর কেন্দ্র থেকে রাজ্য। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। এই অবস্থায় এরাজ্যেও নেওয়া হয়েছে জরুরি সতর্কতা। করোনাভাইরাসের মোকাবিলায় জারি করা হয়েছে, একগুচ্ছ স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত পদক্ষেপ। এদিকে করোনা সতর্কতার কারণে বুধবার থেকে বন্ধ করে দেওয়া হল বারাকপুরের মঙ্গল পান্ডে উদ্যান। আগামী ৩১ মার্চ পর্যন্ত সকলের জন্য বন্ধ থাকবে গঙ্গার তীরের এই পার্কটি। বুধবার এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে, বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড।

গঙ্গার তীরবর্তী শিল্প শহর বারাকপুর। ছোট্ট এই শহরে রয়েছে অনেক অজানা ইতিহাস। ভারত যখন পরাধীন ছিল, সেই সময় থেকেই টুকরো টুকরো ইতিহাসকে সাক্ষী করে গড়ে উঠেছে এই শিল্প শহর। ফলে প্রতিদিনই এখানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে বেড়াতে আসেন অসংখ্য ভ্রমন প্রিয় মানুষ। তাঁদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, প্রশাসনের নির্দেশে আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে মঙ্গল পান্ডে উদ্যান। ব্যারাকপুরের অন্যতম জন বহুল পর্যটন স্থল এই মঙ্গল পান্ডে উদ্যান । প্রতিদিনই গঙ্গা তীরবর্তী এই মঙ্গল পান্ডে উদ্যানে বেড়াতে আসেন, কয়েক হাজার মানুষ। প্রেমিক যুগলেরাও একান্তে সময় কাটাতে আসেন মনোরম এই পার্কে।

তবে করোনা ভাইরাস সতর্কতার জেরে, বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এই উদ্যান আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পার্কের ভিতরে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানও ছিল। ফলে সাময়িক ভাবে এই পার্ক বন্ধ রাখার সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এখানের ব্যবসায়ীরাও।

এদিন শুনশান মঙ্গল পান্ডে উদ্যান। কাউকেই পার্কের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভ্রমণ পিপাসুদের জন্য গঙ্গা ভ্রমণের নৌকা গুলিও ছিল ঘাটে বাঁধা। মঙ্গল পান্ডে উদ্যানের রেস্টুরেন্টের কর্মীরা বললেন, “করোনা ভাইরাসের কারনে মানুষ এখন ভয় পেয়েছে। প্রশাসন যা নির্দেশ দিয়েছে আমরা তা মানব। তাই ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই পার্ক।”

The post করোনা সতর্কতা: বন্ধ করে দেওয়া হল মঙ্গল পান্ডে উদ্যান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b943Tw
إرسال تعليق (0)
أحدث أقدم