করোনা চিকিৎসায় জোড়া হাসপাতাল চালু হচ্ছে পুরুলিয়ায়

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: ১ এপ্রিল থেকে করোনা চিকিৎসায় জোড়া হাসপাতাল চালু হচ্ছে পুরুলিয়ায়। রোটারি সার্ভিস সেন্টার ও রামেশ্বরলাল সিংহানিয়া সেবা প্রতিষ্ঠানকে পুরুলিয়ার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করছে জেলা প্রশাসন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরে, এই মর্মে সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ইতিমধ্যেই পুরুলিয়ায় ‘হোম কোয়রান্টিন’-এর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

রাজ্য সরকার চায় না করোনা আক্রান্তদের জন্য জেলার কোনও সরকারি হাসপাতালের অন্য পরিষেবা বিঘ্নিত হোক। তাই প্রশাসনের পরিচালনায় বেসরকারি হাসপাতালগুলিকেই করোনা হাসপাতাল হিসাবে গড়ে তোলা হচ্ছে। রাজ্যের নির্দেশ মেনে তাই রোটারি সার্ভিস সেন্টার ও রামেশ্বরলাল সিংহানিয়া সেবা প্রতিষ্ঠানকে পুরুলিয়ার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করছে জেলা প্রশাসন। পরবর্তীকালে সাঁতুড়ির রামচন্দ্রপুরের নেতাজি চক্ষু হাসপাতালকেও করোনা হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, শহর পুরুলিয়ার সাউথ লেক রোডের রোটারি ক্লাব অফ পুরুলিয়া সার্ভিস সেন্টার-মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও রামেশ্বরলাল সিংহানিয়া সেবা প্রতিষ্ঠানে করোনা রোগীদের জন্য ৬০ টি বেড-সহ দশটি আইসিইউ থাকবে। এই হাসপাতালে থাকবেন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

প্রসঙ্গত, করোনার থাবা ক্রমশ জোরাল হচ্ছে রাজ্যে। পুরুলিয়ায় হোম কোয়ারান্টাইনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১৮৭। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রয়েছেন ৭১ জন। এখনও পর্যন্ত জেলার ১৪টি নাকা পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ৩১,১৬৯ জনের।

পুরুলিয়ার বিভিন্ন ব্লকের প্রচুর মানুষ কাজের সূত্রে অন্য রাজ্যে থাকেন। তাঁদের অনেকেই জেলায় ফিরছেন। তার পরে রাখা হচ্ছে ‘হোম কোয়রান্টিন’-এ। কাউকে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে, এ বার সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘কমিউনিটি কোয়রান্টিন’-এ রাখা হবে বলেও প্রশাসন ঠিক করেছে।

The post করোনা চিকিৎসায় জোড়া হাসপাতাল চালু হচ্ছে পুরুলিয়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UuTuVw
Post a Comment (0)
Previous Post Next Post