পঙ্গপালের হানায় ক্ষতি বিমান পরিষেবায়, উড়ান-অবতরণে সমস্যা

নয়াদিল্লি: উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব সহ প্রায় গোটা উত্তর ভারত ক্রমশ ছড়িয়ে যাচ্ছে লক্ষ লক্ষ পঙ্গপাল। প্রচুর পরিমাণ খাদ্যশস্য খেয়ে ফেলছে তারা। তবে শুধু খাদ্যশষ্যই নয়, পঙ্গপাল বাধা তৈরি করছে বিমানের উড়ান ও অবতরণে। ফলে প্রায় দুমাস পরে বিমান পরিষেবা শুরু হয়েও সমস্যায় পড়েছে বিমান সংস্থাগুলি।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানাচ্ছে বিমানের উড়ানের সময় ও অবতরণের সময় পঙ্গপালের দলের দাপটে দেখতে পাচ্ছেন না বিমান চালকরা। এতে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনও সময়ে। সতর্ক করেছে ডিজিসিএ।গত তিন দশকে এই ধরণের পঙ্গপালের হামলা দেখা যায়নি। মরু পঙ্গপালেরা বাতাসের উপর নির্ভর করে প্রতি ঘণ্টায় প্রায় ১৬ থেকে ১৯ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে উড়ে যায়। এক্ষেত্রে হাওয়ার ওপর তাঁদের গতিবেগ নির্ভর করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পতঙ্গদের যদি আটকানো না যায়, তবে দেশের শস্যভান্ডারে টানা পড়তে পারে। এই পতঙ্গরা সংখ্যায় প্রচুর হয়ে হামলা করায় এরা কোনও বড় শস্য খেতকে কয়েক ঘন্টার মধ্যে ফাকা করে দিতে পারে।

অন্যদিকে বাতাসের যে স্তরে পঙ্গপাল উড়ছে, বিমান ওঠা নামার সময়ে সেই স্তরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন বিমান সংস্থাকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে সাধারণত বাতাসের অনেক নীচের স্তরে পঙ্গপাল থাকে। কিন্তু সেই স্তর দিয়ে উড়ানে বা অবতরণের ক্ষেত্রে বিমানের ক্ষতি করে দিতে পারে পঙ্গপাল। ফলে দুর্ঘটনা ঘটতে পারে।

ডিজিসিএ জানাচ্ছে ক্ষতি হতে পারে বিমানের উইন্ডশিল্ডের। পাইলট দেখতে না পেয়েও দুর্ঘটনা ঘটাতে পারেন। ফলে আশঙ্কা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কাঁচের উইপারস ব্যবহার করার পরামর্শ দিচ্ছে ডিজিসিএ। এতে পঙ্গপালের দলকে উইন্ডশিল্ড থেকে সরিয়ে দেওয়া যাবে। এক্ষেত্রে সতর্ক করা হয়েছে বিমান বন্দরগুলির এয়ার ট্রাফিক কন্ট্রোলারদেরও। পঙ্গপালের দল রাতে ওড়ে না। ফলে রাতের বিমানগুলির এই সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রাজস্থানের ৩৩ টি জেলার মধ্যে ১৬ টি জেলা এই পঙ্গপালের কবলে পড়েছে। ফলে শস্য উৎপাদনে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যপ্রদেশেও হানা দিয়েছে এই ক্ষতিকারক পতঙ্গরা। মধ্যপ্রদেশ কৃষি দফতর কৃষকদের জানিয়েছে, পঙ্গপাল হানা দিলে তাদের প্রবল শব্দ করে তাড়িয়ে দিতে। সেজন্য ড্রাম এমনকী থালাবাটি বাজানোর কথা বলা হয়েছে।

পঙ্গপালের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ জেলায় অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “স্থানীয় স্তরের প্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদেরকে পঙ্গপাল মোকাবিলার জন্য রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

The post পঙ্গপালের হানায় ক্ষতি বিমান পরিষেবায়, উড়ান-অবতরণে সমস্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TQ6Jzt
Post a Comment (0)
Previous Post Next Post