কলকাতা: জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা লিঙ্কম্যান সন্দেহে ধৃত বাদুড়িয়া থেকে ধৃত তানিয়া পরভিনকে হেফাজতে নিল এনআইএ৷ ১০ দিনের এনআইএ হেফাজতে ধৃত পরভিন৷ গত মার্চ মাসে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ৷ তারপর থেকে এতদিন জেল হেফাজতে ছিল৷ সেখান থেকে এবার এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত৷
গত এপ্রিল মাসে আদালতের নির্দেশে তানিয়া পরভিনের মামলার তদন্তভার নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এর আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে ১৮ মার্চ গ্রেফতার হন তানিয়া৷ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়৷
প্রসঙ্গত, মার্চ মাসে বাদুড়িয়া থেকে রাজ্য এসটিএফ কলেজ পড়ুয়া মেধাবী তানিয়াকে গ্রেফতার করে৷ তানিয়া আরবী ভাষায় নিয়ে কলকাতার এক কলেজে পড়াশোনা করত৷ ছোট থেকেই মেধাবী বলেই পরিচিত সে। আর সেই মেধাকেই হাতিয়ার করে লস্কর-ই-তইবা। তাদের কলকাতা মডিউলের সদস্য ছিল তানিয়া৷
সূত্রের খবর, এক সময়ে বাংলাদেশ থেকে আসা এই তানিয়া পারভিন বাদুড়িয়ার গ্রামে বসেই পাকিস্তানে থাকা লস্করের চাঁইদের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের নির্দেশেই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মহিলা জেহাদি নিয়োগ ও প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছিল সে। এই সুন্দরী মহিলাকে ‘হানি ট্র্যাপ’ হিসেবে ব্যবহার করছিল আইএসআই। বেশ কিছু পদস্থ কর্তাকে এই জালে ফাঁসিয়ে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে পাকিস্তানে পাচার করেছে বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি, রাজস্থানে একটি হানিট্র্যাপের পর্দাফাঁস হয়। তারপরই কোমর বেঁধে নেমেছে এনআইএ। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে সেনা তথ্য হাতাতে এই পথই বেছে নিয়েছে জঙ্গি সংগঠনগুলি। আর এই হানিট্র্যাপের অন্যতম দুঁদে সদস্য তানিয়া৷ এবার তানিয়া পরভিনকে নিজেদের হেফাজতে পেয়ে, তার গোপন কীর্তিকলাপ জানতে চাইতে পারে এনআইএ৷
The post জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা লিঙ্কম্যান সন্দেহে ধৃত যুবতীকে ১০ দিনের হেফাজতে নিল এনআইএ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hpyWqM