স্টাফ রিপোর্টার, কলকাতা: বিজেপি-রাজ্যপালের ছদ্ম রাজনীতির লড়াইয়ে বাংলার মানুষ পিষ্ট হচ্ছেন। এভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
মঙ্গলবারই ভার্চুয়াল সভা করে রাজ্যে বিধানসভা ভোটের দামাম বাজিয়ে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার পরের দিনই আগামী বছরের বিধানসভা ভোট নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সকালে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের টুইট করেন ধনকড়।
রাজ্য পুলিশ প্রশাসনের একাংশ শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। এই প্রসঙ্গে টুইটে রাজ্যপাল লেখেন, ‘পুলিশ প্রশাসনের অনেকে শাসকদলের কর্মীর মতো কাজ করছেন।’
এরাজ্যে ভোটে রিগিংয়েরও অভিযোগ তুলেছেন ধনকড়। টুইটে তিনি লেখেন, ‘সায়লেন্ট ও সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে হবে রাজ্যে। তবেই গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্যে নির্বাচন সম্ভব।’
রাজ্যপালের টুইটের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “এটা ঠিকই রাজ্যের গণতন্ত্র তৃণমূল রাজত্বে বার-বার রক্তাক্ত হয়েছে। রাজ্যপাল ঠিকই বলেছেন যে, পুলিশ-প্রশাসন শাসক দলের সামনের লাইনে দাঁড়িয়ে দলের কাজ করছে। কিন্তু রাজ্যপাল যখন পুলিশকে হুমকি দিয়ে বলেন যে তাঁদের কৃতকর্মের ফলভোগ করতে হবে সেটাকেও গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিনা আমার জানা নেই। রাজ্যপালের ভাষাও তো বিজেপি প্রবক্তাদের ভাষার সঙ্গে মিলে যাচ্ছে! পুলিশ যদি তৃণমূল দলের হয়ে কাজ করে তবে রাজ্যপালও তো বিজেপি দলের হয়েই কাজ করছেন। দুই পক্ষের ছদ্ম- রাজনীতির লড়াইয়ে বাংলার মানুষ পিষ্ট হচ্ছেন।”
রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের এপর এক ইস্যুতে তোপ দেগে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সম্প্রতি করোনা নিয়েও রাজ্যকে বিঁধে একের পর এক টুইট করেছেন রাজ্যপাল। এমনকী রাজ্য সরকার করোনার প্রকৃত সংক্রমণ নিয়ে তথ্য গোপন করছে বলেও অভিযোগ এনেছেন ধনকড়।
বাম-কংগ্রেস এর আগেও ধনকড়ের সমালোচনা করলেও এবার প্রদেশ কংগ্রেস সভাপতির তোপ তৃণমূলের সুরে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
The post তৃণমূলের সুরে রাজ্যপালকে আক্রমণ সোমেন মিত্রর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XS5HoS