৩১শে জুলাইয়ের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ আক্রান্ত হবে এই শহরে: রিপোর্ট

নয়াদিল্লি: ভয়ের কথা শোনাল দিল্লি সরকার। রিপোর্ট বলছে দিল্লিতে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই খারাপ যে ৩১শে জুলাইয়ের মধ্যে শুধু দিল্লিতেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াবে ৫.৫ লক্ষ। ফলে মাত্র ৫২ দিনের মধ্যে আরও ৬০ হাজার আসন শুধু করোনা আক্রান্তদের জন্যই তৈরি করতে হবে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে।

সাংবাদিকদের মঙ্গলবার একথা জানান দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। তিনি বলেন গোটা পরিস্থিতি সামাল দিতে জুলাই মাসে ৮০ হাজার আসন প্রয়োজন দিল্লি সরকারের হাতে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের দুদিন পরেই এই তথ্য তুলে ধরেন শিশোদিয়া।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে ছিলেন, দিল্লি সরকারের হাতে রয়েছে ১০ হাজার শয্যা। বাকি রয়েছে কেন্দ্রের হাতে। এদিকে মঙ্গলবারই রাজধানী দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি বলেই রাজ্য সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। ওই বৈঠকেই দিল্লির সরকারকে আশ্বস্ত করেন কেন্দ্রের প্রতিনিধিরা।

দিল্লিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৯৪৩।

করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে এখনও পর্যন্ত ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করেন কেউ কেউ। খোদ রাজ্য প্রশাসনের অন্দরেও সেই আশঙ্কা দানা বেঁধেছিল।

এদিকে, করোনার উপসর্গ থাকায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই কেজরিওয়ালের করোনা পরীক্ষা করা হবে। দিল্লি সরকার সূত্রে খবর জুনের ৩০ তারিখ পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াবে লক্ষাধিক। সেক্ষেত্রে ১৫ হাজার শয্যার দরকার পড়বে। এর সঙ্গে দরকার অতিরিক্ত অক্সিজেন সরবরাহের, দরকার বেশি পরিমাণে ভেন্টিলেটর, আইসিইউ বেড।

The post ৩১শে জুলাইয়ের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ আক্রান্ত হবে এই শহরে: রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2MM4NDW
إرسال تعليق (0)
أحدث أقدم