গুয়াহাটি : নামে যে অনেক কিছুই যায় আসে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে অসমের এই হাসপাতাল। অসমের মঙ্গলডই সিভিল হাসপাতাল থেকে ছাড়া পেলেন এমন একজন করোনা রোগি, যিনি এখনও সুস্থই হননি। নামের বিভ্রাটে দেখা গেল এই গন্ডগোল। প্রায় একই নামের দুই করোনা আক্রান্ত রোগি ভর্তি থাকায় এই সমস্যা হয়েছে বলে স্বীকার করে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
এই ভুল বোঝাবুঝি তৈরি হয় রাজ্য সরকারের দেওয়া সুস্থ ব্যক্তিদের তালিকা ঘিরে। দারাং জেলার মঙ্গলদই হাসপাতালে রাজ্য সরকার স্বীকৃত তালিকার ১৪টি নাম পাঠানো হয়। সেই তালিকায় নাম ছিল হামিদ আলির। যিনি ৫ই জুন থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
যখন নাম ডাকা হচ্ছিল তখন ভুল শুনতে পেয়ে সাড়া দেন হানিফ আলি। যিনি ৩রা জুন থেকে ওই হাসপাতালে ভর্তি, কিন্তু এখনও তাঁর রিপোর্ট নেগেটিভ আসেনি। অথচ নিজের নাম ডাকা শুনেও চুপ করে ছিলেন হামিদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাস্ক পরে প্রায় একই নাম ডাকা হয়েছে বলেই এই ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরে হানিফকেই ছেড়ে দেওয়া হয়।
হানিফ নিজের বাড়ি পৌঁছে যান রাত নটা নাগাদ। অ্যাম্বুলেন্স করে তাঁকে পৌঁছে দিয়ে আসা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পারে। সঙ্গে সঙ্গে তাঁকে ফিরিয়ে আনা হয় হাসপাতালে। সৌভাগ্যবশত তার পরের দিনই হানিফের রিপোর্ট নেগেটিভ আসে। তবে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
হানিফের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। পরিবারের প্রত্যেকের সোয়াব টেস্ট করা করা হয়েছে। সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে।
এদিকে, দেশে লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন ১১ হাজার ৪৫৮ জন, যা কিনা এই মুহূর্তে সর্বোচ্চ রেকর্ড। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।
শুক্রবারের নতুন করে করোনা আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ টি। মোট মৃত্যু হয়েছে ৮৮৮৪ জনের।
ভয়াবহ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে দু’দিন এ বিষয়ে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের ১৬ এবং ১৭ তারিখে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণকে সামনে রেখে এই আলোচনা হতে চলেছে।
The post হামিদ না হানিফ, নাম বিভ্রাটে ভুল করোনা রোগিকে মুক্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Ayc8EM