জামাই আদর: বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, দাবি শতাব্দীর

স্টাফ রিপোর্টার, কলকাতা: চাপে পড়ে নিজের বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, দাবি করেছেন তিনি।

শতাব্দীর কথায়, “তিনি বলতে চেয়েছেন, কারও বাড়িতে একজন আত্মীয় হলে যে পরিষেবা পাওয়া যাবে, এক হাজার জন আত্মীয় এলে সেই পরিষেবা পাবে না। পাশাপাশি শতাব্দী রায় আরও বলেছেন, “আমি সব পরিযায়ীদের কথা বলিনি কিছু কিছু পরিযায়ীদের কথা বলেছি যাঁরা কোনও কিছুতেই সন্তুষ্ট হচ্ছেন না। জামাই আদর চাইছেন। তা দেওয়া সম্ভব নয়।”

কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ বাড়ছে। সে প্রসঙ্গে শনিবার সাঁইথিয়ার আমোদপুরে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের শতাব্দী বলেছিলেন, “পরিযায়ী শ্রমিকরা সবাই কোয়ারেন্টাইন সেন্টারে জামাই আদর পেতে চাইছেন, তা দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। এক সঙ্গে এত জন রয়েছেন, কেউ মাছ পেলে বলছেন মাংস পাইনি, কেউ মাংস পেলে বলছেন ডিম পাইনি। এভাবে কী করা যাবে! বাড়িতে এক জন আসা আর হাজার জন একসঙ্গে আসা তো এক ব্যাপার কখনই হতে পারে না।” পরিযায়ী শ্রমিকদের একটু মানিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। শতাব্দীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিরোধীরা। প্রশ্ন ওঠে, কোয়ারেন্টাইন সেন্টারে যখন অনেক শ্রমিকের অর্ধাহারে দিন কাটছে, এমনকি বিষধর সাপের ছোবলও খেতে হয়েছে, তখন কি করে তৃণমূল সাংসদ এই ধরণের মন্তব্য করলেন?

শতাব্দী রায়ের মন্তব্য প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বোলপুরের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বলেন, “চূড়ান্ত অমানবিক মন্তব্য। রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকতেই সাংসদ ওই মন্তব্য করেছেন।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার প্রথমে পরিযায়ী শ্রমিকদের আনতে চায়নি। কেন্দ্রীয় সরকার মানবিকতার কারণে পাঠিয়েছে। এই কথায় স্পষ্ট, এঁদের সামান্য সহমর্মিতাও নেই।”

The post জামাই আদর: বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, দাবি শতাব্দীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dTWvFW
Post a Comment (0)
Previous Post Next Post